রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই

২ সপ্তাহ আগে
কক্সবাজারের রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই স্থানীয় নেতা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তারা প্যারোলে মুক্তি পেয়ে দুপুরে মায়ের জানাজায় অংশ নেন।


দুই সহোদর হলেন: উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের নূর আহমদের ছেলে ফরিদুল আলম ও মো. ইসমাঈল। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। উভয়েই রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে কক্সবাজার কারাগারে বন্দি আছেন।


শনিবার রাত ১০টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘দুই সহোদরের মা মোস্তফা বেগম (৮০) শুক্রবার রাতে মারা যান। তাদের মায়ের মৃত্যুতে নবী হোসেন নামে এক স্বজন শনিবার সকালে আদালতে প্যারোলে মুক্তির আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে তাদের প্যারোলে মুক্তির সিদ্ধান্ত দেয়। পরবর্তীতে শনিবার তাদের কারাগার থেকে জানাজায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। এদিন দুপুরে পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় জানাজায় অংশ নেন দুই সহোদর।’


আরও পড়ুন: হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ আহত


জানাজায় হাতকড়া পরিহিত অবস্থায় কান্নাজড়িত কণ্ঠে ফরিদুল আলম ও মো. ইসমাঈল বলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তারা কখনো কারও ক্ষতি বা অন্যায় করেননি। এ সময় তারা মায়ের জন্য এবং অসুস্থ বাবা নুর আহমদের জন্য দোয়া চান।


স্বজন ও স্থানীয়রা জানিয়েছে, প্রথমে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাদের আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় জামিন হওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির একটি মামলায় ফের গ্রেফতার দেখানো হয়। সেটার জামিন হলে রামুর মাহিন চৌধুরী নামে একজনের মামলায় আবারও গ্রেফতার হন দুই ভাই। এরপর থেকে আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন। কারাগারে থাকার কারণে জীবিত অবস্থায় তারা মাকে শেষ দেখা দেখতে পারেননি। তাদের বাবা নূর আহমদও বর্তমানে অনেক অসুস্থ।

]]>
সম্পূর্ণ পড়ুন