ইউটিউব দেখে জাল টাকা তৈরি, লক্ষাধিক টাকার নোটসহ যুবক আটক

১ ঘন্টা আগে
ফেনীতে লক্ষাধিক টাকার জাল নোট ও তা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। উচ্চশিক্ষিত ওই যুবক ইউটিউব দেখে জাল টাকা তৈরির কৌশল রপ্ত করে ঈদকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছাড়ার পরিকল্পনা করেছিল।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে জেলার শহরতলীর রানীরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

 

আটক ফারুক আহম্মেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার মৃত মো. আলী আহাম্মদ ভূঁইয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সিতে ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রানীরহাট বাজারে জাল টাকাসহ ফারুককে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে হেফাজতে নেয়। এ সময় প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ১০০০, ১০০ ও ২০ টাকার নোটসহ মোট ৫ হাজার ৬২০ টি জাল নোট উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার

 

পুলিশের জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, সে দাগনভূঞা উপজেলার কোরাইশমুন্সী বাজারের একটি কম্পিউটার দোকানে ব্যবসার আড়ালে জাল টাকা তৈরি করে আসছিল। ঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স শেষ করে সে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করে। এরপর ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল টাকা তৈরির কৌশল রপ্ত করে। অল্প সময়ে অধিক লাভের আশায় সে এই অপরাধে জড়িয়ে পড়ে এবং আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছাড়ার পরিকল্পনা করেছিল।

 

পরবর্তীতে ফারুকের দেয়া তথ্যের ভিত্তিতে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে তার ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা সমপরিমাণ ছাপানো ও আংশিক ছাপানো জাল নোট জব্দ করা হয়। একই সঙ্গে জাল নোট তৈরির একটি ইপসন মাল্টি কালার প্রিন্টার, ডেল মনিটর, গিগাসোনিক প্রসেসর, পেনড্রাইভ, এ-ফোর সাইজের কাগজ, ফটো পেপার, কাটার, স্কেলসহ ব্যবহৃত ডালডা ঘি উদ্ধার করা হয়।

 

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন