কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন যুবক

১ ঘন্টা আগে
চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আটক হয়েছিলেন আল হাসান নামে এক বাংলাদেশি যুবক। সেখানে কারাভোগ শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রামের কচাকাটা থানাধীন কেদার বিওপি ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার নম্বর ১০১৫-এর ১৪/এস এলাকায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের আহ্বানে আয়োজিত ওই বৈঠকে বিজিবির পক্ষে ২২ কেদার বিওপি ক্যাম্প কমান্ডার জেসিও মো. নুর আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। অপরদিকে বিএসএফের পক্ষে ৮৯ রোস্তম ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর অরুন কুমার সিংহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এই বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃপক্ষ ৩০ বছর বয়সী আল হাসানকে বিজিবির কাছে হস্তান্তর করে।

 

আরও পড়ুন: কুড়িগ্রামে ব্রেস্ট ক্যান্সারের সচেতনতায় সেমিনার

 

দেশে ফেরা আল হাসান মাদারীপুর জেলার কেন্দুয়া ইউনিয়নের দেওরহাট গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হালিম ফারাজী।

 

জানা গেছে, আল হাসান গত বছরের ১৪ সেপ্টেম্বর দালালের মাধ্যমে চাকরির প্রলোভনে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে সেদেশের পুলিশ তাকে আটক করে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায়। সেখানে সাজার মেয়াদ শেষে শুক্রবার বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত দেয়া হয়।

 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পন কুমার দাস বলেন, ‘বিজিবি আল হাসানকে পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বাবা মাদারীপুর থেকে এসে ছেলেকে নিয়ে যান। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন