যে গানের জন্য একদশক অপেক্ষা

১৪ ঘন্টা আগে

এক দশকের অপেক্ষা শেষে আজ প্রকাশ পাচ্ছে অ্যাশেজ ব্যান্ডের ‘ফেরিওয়ালা’। সন্ধ্যা ছয়টায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র প্রকাশিত হবে।

২০১৬ সালের সেপ্টেম্বরে ফেসবুকে দুটি লাইন শেয়ার করেছিলেন অ্যাশেজের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান—‘ময়লা জমে গেছে শেষ লাইনে, তোমার চোখ অন্যভাবে জ্বলছে।’ সেটি ছিল কেবল আভাস। এরপর ২০১৯ সালে গানটির ডেমো প্রকাশ করা হয় ইউটিউবে। সময় পেরিয়েছে, বেড়েছে ভক্তদের কৌতূহল, কিন্তু পূর্ণাঙ্গ গান আর আসেনি।

জুনায়েদ ইভান

গানটির অপেক্ষায় এক দশকে ইউটিউবের মন্তব্যের ঘরে জমেছে সাত শতাধিক মন্তব্য, যার প্রায় প্রতিটিরই মূল সুর—অপেক্ষা। প্রতি মাসেই কেউ না কেউ গানটির খবর নিয়েছে। একজন লিখেছেন, ‘এই গানটার জন্য চারটা বছর অপেক্ষা করে আছি। মাঝে মাঝেই এসে চেক করে যাই।’ আরেকজন লিখেছেন, ‘এই গানের জন্য পাঁচ বছর ধরে অপেক্ষায় আছি ইভান ভাই, অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না।’
এ মন্তব্যে ফুটে উঠেছে অপেক্ষার তীব্রতা, ‘এই দিকে গানটার জন্য আমার আয়ু কমে যাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘জীবনের দামের বিনিময় কি গানটার জন্য এত অপেক্ষা।’

অ্যাশেজ ব্যান্ডের সদস্যেরা

গানটির সঙ্গে অনেক শ্রোতার কষ্টের স্মৃতিও আছে। একজন লিখেছেন, ‘এই গানটা আমি আর আমার এক বন্ধু একসঙ্গে এইটুকু শুনেছিলাম। সে বলেছিল, মামা গানটা যে কবে আসবে, কানের পিপাসা অনেক বেড়ে গেছে। কিন্তু এই গানটা শোনার আগেই সে ওপারে চলে গেল।’

অবশেষে এক দশকের অপেক্ষার অবসান ঘটছে। অ্যাশেজের বিভ্রম অ্যালবামের চতুর্থ ট্র্যাক হিসেবে থাকছে ‘ফেরিওয়ালা’। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে ধারণ করা হয়েছে ভিডিও চিত্র। নতুন করে গানটি রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রথম আলোকে জুনায়েদ ইভান বলেন, ‘গানটা অনেক আগের। ১০ বছরের বেশি। তখন বুঝিনি রিলিজ করতে এত সময় লাগবে। ২০১৬-তে ফেসবুকে আংশিক লিরিক প্রকাশের পর থেকে আপডেট জানতে চেয়েছেন শ্রোতারা। ইউটিউবের এসব মন্তব্য আমাদেরও আপ্লুত করেছে। অবশেষে গানটি রিলিজ দিতে পারছি। ভালো লাগছে।’

সম্পূর্ণ পড়ুন