বিকেলের দিকে বৃষ্টি বাড়তে পারে

১৪ ঘন্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বুধবার দিনভর বৃষ্টি হয়। রাজধানীতে দিনে এমনকি রাতের দিকে অনেকটা বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে দেশের অন্তত পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বিকেলের দিকে রাজধানীসহ বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।

গতকাল প্রবল বৃষ্টি হয় দেশের নানা স্থানে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ১২১ মিলিমিটার। বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয়। গতকাল রাজধানীতে বৃষ্টি হয়েছে ৬৫ মিলিমিটার। এর মধ্যে রাতের দিকে অনেকটা বৃষ্টি হয়েছে।

আজ সকাল থেকে রাজধানীতে বৃষ্টি না হলেও আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর প্রথম আলোকে বলেন, আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দুপুরের পর থেকে বিকেলের দিকে। দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। সেই সঙ্গে রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কথা জানায়। মঙ্গলবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়। এরই মধ্যে বিশেষ করে উত্তর–পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নেত্রকোনার কংস, সোমেশ্বরী এবং মৌলভীবাজারের মনু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। প্রবল বৃষ্টিতে নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

তরিফুল নেওয়াজ কবীর বলেন, আজ দুপুরের পর বৃষ্টির নতুন পূর্বাভাস আসবে।

আবহাওয়াবিদেরা বলছেন, একটানা একটি বিশেষ অঞ্চলে নয়, তবে দেশে বিচ্ছিন্নভাবে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

সম্পূর্ণ পড়ুন