নিজের ছোট্ট দোকানে ঘুমিয়ে ছিলেন উমা চন্দ্র, ঝড়ে গাছ পড়ে গেল প্রাণ

২ দিন আগে
বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে দোকানের ওপর বিশাল একটি বটগাছ উপড়ে পড়ে উমা চন্দ্র (৫২) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উমা চন্দ্র গাবতলী উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানেই রাতে ঘুমিয়ে ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গাবতলী এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় লাঠিগঞ্জ বাজারে উমা চন্দ্রের পানের দোকানের পাশে থাকা একটি পুরোনো বটগাছ উপড়ে সরাসরি দোকানের ওপর পড়ে। এতে দোকানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন।

 

আরও পড়ুন: জামালপুরে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা ও ২ মেয়ে নিহত

 

খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর গাছের নিচ থেকে উমা চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন