নতুন সরকারের কাছে স্বপ্নের বাংলাদেশ চাই: বিমানবাহিনী প্রধান

১৬ ঘন্টা আগে
নতুন সরকার স্বপ্নের বাংলাদেশ গড়বে বলে প্রত্যাশা করেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ প্রত্যাশার কথা জানান।

 

বিমানবাহিনী প্রধান বলেন, অনেক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। এই ভোটের মাধ্যমে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: ভোট দিয়ে যা বললেন সেনাপ্রধান

 

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বিমান বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করছে। নতুন সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে চাই। একটি শক্তিশালি দেশ চাই। নতুন সরকারের কাছে স্বপ্নের বাংলাদেশ চাই।

 

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

 

দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

 

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

 

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা মির্জা ফখরুলের

 

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

 

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন