ভোট শুরুর দিকে রাজধানীতে নারীদের তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি বেশি ছিল। তবে বেলা বাড়তেই নারী ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
রাজধানীতে নারীদের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের উপচেপড়া ভিড়। গৃহিণীদের সংখ্যাই একটু বেশি। তবে অন্যান্য পেশাজীবী নারীরাও আসছেন ভোটকেন্দ্রে। স্বতঃস্ফূর্তভাবে ভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন তারা। লম্বা লাইনের কারণে ভোট দিতে একটু দেরি হলেও ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
বনানী মডেল স্কুলে ভোট দিতে আসা জ্যোতি আক্তার বলেন, ‘শেষবার ২০০৮ সালে ভোট দিয়েছিলাম৷ আগে কয়েকবার কেন্দ্রে এসে শুনতাম ভোট দেয়া শেষ৷ এবার অবশেষে নিজের ভোট নিজে দিতে পারলাম।’
রাজধানীর একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছেন আইরিন ইয়াসমিন। বনানী মডেল স্কুলে বেলা ১১টার দিকে ভোট দেয়ার পর সময় সংবাদকে তিনি বলেন, ‘গত কয়েকটি নির্বাচনে ভোট দিতেই আসিনি। এবার পরিস্থিতি ভিন্ন হওয়ায় আলাদা উন্মাদনা কাজ করছে। তবে আগেও ভোট দিয়েছি। কিন্তু এবারের পরিবেশ অনেক আলাদা। সবার মধ্যে একটা উৎসবের আনন্দ বিরাজ করছে।’
বনানী মডেল স্কুলের ৫১ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইমরোজ আহসান জানান, তার কেন্দ্রে এখন পর্যন্ত ৭৯৫টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটের ২২ শতাংশ৷

নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিকেল পর্যন্ত এই কেন্দ্রের মোট ভোট ৫০ শতাংশ ছাড়াতে পারে বলে ধারণা করছেন তিনি।
আরও পড়ুন: ভোটের অর্ধেক সময় পার, কেমন হচ্ছে নির্বাচন?
এদিকে, তরুণ ভোটারদের মধ্যেও দেখা গেছে বেশ স্বতস্ফুর্ত মনোভাব। সংসদ নির্বাচনের পাশাপাশি তাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে গণভোটও।
প্রথমবার ভোট দেয়ার অভিজ্ঞতা নিয়ে সাইমুন ইসলাম নামের এক তরুণ বলেন, ‘ভোটের পরিবেশ যে এমন উৎসবমুখর হয় জানা ছিল না। ভোটার হয়েছি আরও আগেই, তবে গত কয়েকবার ভোট দিতে আসিনি। এবার এসে অন্যরকম লাগছে। ইতিহাসের সাক্ষী থেকে গেলাম।’
রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে জানা যায়, এখন পর্যন্ত সব কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা বেশ সন্তোষজনক। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় সব কেন্দ্রেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। সকালের মতো বিকেলেও ভোটার উপস্থিতি ভালো থাকলে ৬০ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলে আশা করছেন দায়িত্বরত কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
]]>
১৫ ঘন্টা আগে
২






Bengali (BD) ·
English (US) ·