৩১৪ কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার অনুমোদন

৪ সপ্তাহ আগে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ৩১৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।


বৈঠক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবে ডিপিএম পদ্ধতিতে ‘জিনএক্সপার্ট কার্টিজ’ ক্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহের অনুমোদন দেয়া হয়েছে। এই প্রস্তাবের আওতায় মোট ১৪ লাখ ৮২ হাজার জিনএক্সপার্ট কার্টিজ সংগ্রহ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি ১২ লাখ টাকা। এ ক্ষেত্রে জাতিসংঘের প্রকল্প সেবা দফতরকে (ইউএনওপিএস) সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 

আরও পড়ুন: পাচারকারীদের চিহ্নিত করা হয়েছে, নির্বাচিত সরকার চাইলে অর্থ ফেরত আনা সম্ভব: উপদেষ্টা


এ ছাড়া যক্ষ্মা চিকিৎসায় ব্যবহৃত ‘অ্যান্টি-টিবি ড্রাগ (4FDC)’ কেনার প্রস্তাবও বৈঠকে অনুমোদন পেয়েছে। এর আওতায় ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার অ্যান্টি-টিবি ড্রাগ কিনতে ৭৭ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এই ওষুধ সরবরাহ করবে রেনেটা পিএলসি।


অন্যদিকে বৈঠকে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় ৪০ হাজার ৫৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের জন্য গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে করা ১১টি চুক্তি নবায়ন বা পুনঃনবায়ন সংক্রান্ত প্রস্তাবটি কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিজস্ব ক্ষমতায় অনুমোদনের জন্য ছেড়ে দিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন