সৌদিতে ২ বাংলাদেশি নিহতের ঘটনায় যে বার্তা দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

২ দিন আগে
সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, বিমান হামলায় ২ জন নিহতের পাশাপাশি  আরও কয়েকজন বাংলাদেশি আহত হওয়ায় সরকার গভীরভাবে শোকাহত। ওই অঞ্চলে নিরীহ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের প্রাণহানি অব্যাহত থাকা অত্যন্ত উদ্বেগজনক।

 

বিবৃতিতে আরও বলা হয়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।

 

বাংলাদেশ এ ধরনের সব হামলার তীব্র নিন্দা জানায়, যা নিরীহ মানুষের প্রাণহানি ঘটায়। সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে। পরিস্থিতি প্রশমিত করতে এবং আরও প্রাণহানি রোধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

আরও পড়ুন: ডিসি সম্মেলন শুরু ৩ মে

 

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

 

সৌদিতে বিমান হামলার ঘটনায় নিহত দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের কটিয়াদির মো. বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের শাখীপুরের মো. মোশাররফ হোসেন।  

]]>
সম্পূর্ণ পড়ুন