রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কম্পাউন্ডের আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মোশারফ হোসেন সৌদি আরবের আল খারিজ শহরের আল তুইক নামে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। রোববার কর্মরত অবস্থায় ইরানের মিসাইল হামলায় তার মৃত্যু হয়। মোশাররফের পরিবারে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। বড় ছেলে মাহিম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ে এবং ছোট ছেলে মিহান প্রথম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের যুবক
পরিবারের সদস্যরা জানান, তিন বছর আগে মাত্র তিন মাসের জন্য ছুটিতে দেশে এসেছিলেন মোশারফ। এরপর আবার সৌদি আরবে ফিরে যান পরিবারের দায়িত্ব নিতে।
ঘটনার আগের রাতেও স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, ঈদ উপলক্ষে টাকা পাঠাবেন এবং দুই ছেলের জন্য কিছু কিনে দেবেন। কিন্তু সেই কথাই হয়ে যায় তার শেষ কথা। রাত প্রায় ৩টার দিকে পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়।
আরও পড়ুন: সৌদিতে ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২
এ খবর শোনার পর থেকেই শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। মা জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ছেলে মিহান এখনো বুঝতে পারেনি যে তার বাবা আর কোনোদিন ঘরে ফিরবেন না।
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেয়ার আশ্বাসও দেয়া হয়েছে।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·