সৃজনশীল গাইবান্ধার উদ্যোগে মেহেদী উৎসব

৩ সপ্তাহ আগে
গাইবান্ধায় স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা-এর উদ্যোগে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি ও ঐতিহ্যের সৌন্দর্যকে তুলে ধরা এবং তরুণদের মাঝে সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়।

শুক্রবার (২০ মার্চ) গাইবান্ধা পৌর পার্ক প্রাঙ্গণে আয়োজিত এ মেহেদী উৎসবে বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


উৎসবে আগতদের হাতে নান্দনিক নকশায় মেহেদী পরিয়ে দেন স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের হাতে বিনামূল্যে মেহেদী পরিয়ে দেওয়া হয়, যা তাদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।


সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা চাই তরুণদের মাঝে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চা আরও বেশি ছড়িয়ে পড়ুক। মেহেদী শুধু একটি অলংকার নয়, এটি আমাদের সংস্কৃতি ও উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে এই মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সৃজনশীল গাইবান্ধা সমাজের ইতিবাচক পরিবর্তন ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করবে।’


আরও পড়ুন: পঞ্চগড়ের স্টেশন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘মেহেদী উৎসব’

উৎসবে অংশগ্রহণকারী এক তরুণী বলেন, ‘এ ধরনের আয়োজন সত্যিই আনন্দের। এখানে এসে মেহেদী পরার পাশাপাশি বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেয়েছি। সবচেয়ে ভালো লেগেছে সুবিধাবঞ্চিত শিশুদের হাতেও মেহেদী পরিয়ে দেওয়া হয়েছে। এতে উৎসবের আনন্দ সবার মাঝে ভাগাভাগি হয়েছে।’


আয়োজকরা বলেন, ‘আমাদের সমাজে ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন উপাদান দিন দিন হারিয়ে যেতে বসেছে। তাই তরুণ প্রজন্মের মাঝে এসব ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে এই মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে গাইবান্ধায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাবে সৃজনশীল গাইবান্ধা।’

]]>
সম্পূর্ণ পড়ুন