সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকদের মধ্যে বিভক্তি নেই

১ সপ্তাহে আগে
সুপ্রিম কোর্ট সচিবালয় ইস্যুতে বিচারকদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে দাবি করে কয়েকটি গণমাধ্যমে প্রকাশি সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

রোববার (৫ এপ্রিল) অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

 

এতে বলা হয়, সম্প্রতি ‘নিউ এজ’ এবং ‘কালবেলা’ পত্রিকায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিষয়ে বিচারকদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে মর্মে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নজরে এসেছে। ওই সংবাদগুলোতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিচারকদের অবস্থান সম্পর্কে যে চিত্র তুলে ধরা হয়েছে, তা বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং বাস্তবতার পরিপন্থি।

 

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে অ্যাসোসিয়েশন এবং বিচারকদের মধ্যে কোনো প্রকার বিভক্তি নেই, বরং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক এবং আর্থিক স্বাধীনতা, জবাবদিহিতা ও কার্যকর প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার লক্ষ্যে অ্যাসোসিয়েশনের সব সদস্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ। সংশ্লিষ্ট সংবাদে যেভাবে অ্যাসোসিয়েশনের ভার্চুয়াল সভায় মতবিরোধের চিত্র তুলে ধরা হয়েছে, বাস্তবে তা আদৌ সত্য নয়। ওই সভায় কোনো প্রকার বিভাজন বা নীতিগত বিরোধ দেখা দেয়নি।

 

আরও পড়ুন: কোনো অধ্যাদেশ রহিতের সিদ্ধান্তে স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হবে না: অ্যাটর্নি জেনারেল

 

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এ প্রেক্ষিতে তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট অধ্যাদেশটি যথাযথ পর্যালোচনা শেষে দ্রুত আইন হিসেবে প্রণীত হবে এবং বিচার বিভাগের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সংবাদগুলোতে তথ্যের উৎস, প্রাপ্তির পদ্ধতি উল্লেখ ছাড়াই এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের বক্তব্য যাচাই না করেই বিভ্রান্তিকর শিরোনাম ও তথ্য উপস্থাপন করা হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক বা দায়িত্বশীল কোনো প্রতিনিধির সঙ্গে যোগাযোগ না করে এ ধরনের সংবাদ প্রকাশ পেশাগত সাংবাদিকতার ন্যূনতম মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।

 

‘এ অবস্থায় সংশ্লিষ্ট পত্রিকাগুলোকে অনুরোধ জানানো হচ্ছে, যথাযথ তথ্য-যাচাই করে সংশোধনী প্রকাশের মাধ্যমে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন’, যোগ করা হয় বিবৃতিতে।

 

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাসের দাবি বিচারকদের

 

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন প্রত্যাশা করে, দায়িত্বশীল গণমাধ্যম ভবিষ্যতে আরও সতর্কতা ও পেশাগত দায়বদ্ধতার সঙ্গে সংবাদ পরিবেশন করবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন