সুন্দরবনে দয়াল বাহিনীর সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

১ দিন আগে
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘দয়াল বাহিনী’র এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে শিবসা নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

 

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, দয়াল বাহিনীর এক সদস্য দস্যুদের জন্য বাজার ও রসদ নিয়ে সুন্দরবনে প্রবেশ করবে। এই খবরের সূত্র ধরে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ানের সমন্বয়ে শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

 

আরও পড়ুন: শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, সুন্দরবনে অবমুক্ত

 

আটক ব্যক্তির নাম আব্দুল হালিম (৩৬)। তার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন দুপুর ১টার দিকে টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুল হালিম দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সাথে ডাকাতি কর্মকাণ্ডে জড়িত। সে মূলত ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল। জব্দকৃত আলামতসহ আটককৃত বনদস্যুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজিএস তৌফিকের নির্বাহী কর্মকর্তা আশিকুল ইসলাম ইমন বলেন, 'সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

]]>
সম্পূর্ণ পড়ুন