সাতক্ষীরায় ঈদের কেনাকাটায় মার্কেট ও ফুটপাতে উপচে পড়া ভিড়

১৪ ঘন্টা আগে
ঈদুল ফিতরের দিন যত ঘনিয়ে আসছে, সাতক্ষীরার বিপণিবিতান ও ফুটপাতগুলোতে ততই বাড়ছে কেনাকাটার ধুম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখন ক্রেতাদের পদচারণায় মুখর সীমান্তঘেঁষা এই জেলা শহর।

সরেজমিনে দেখা গেছে, শহরের বড় বড় শপিংমল থেকে শুরু করে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। বিশেষ করে শিশু ও নারীদের জুতা ও পোশাকের দোকানে উপচে পড়া ভিড়। তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বাহারি থ্রি-পিস ও শাড়ি। আর সেই পোশাকের সঙ্গে মিলিয়ে কসমেটিকস কিনতেও ভুলছেন না তারা। কসমেটিকস ব্যবসায়ীরা জানিয়েছেন, পোশাক বিক্রির সঙ্গে তাল মিলিয়ে প্রসাধন সামগ্রীর বিক্রিও এবার বেশ সন্তোষজনক।


অন্যান্য বছর ভারতীয় শাড়ি ও থ্রি-পিসের ব্যাপক চাহিদা থাকলেও এবার চিত্র কিছুটা ভিন্ন। বাজারে চাহিদামতো ইন্ডিয়ান কালেকশন না থাকায় ক্রেতারা বিকল্প হিসেবে উন্নত মানের ‘চায়না’ পোশাক বেছে নিচ্ছেন। তবে কেনাকাটায় স্বস্তি থাকলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক ক্রেতাই অভিযোগ করেছেন, গত বছরের তুলনায় এবার প্রতিটি জিনিসের দাম অনেকটাই বেশি।


ঈদের এই ভিড় সামলাতে এবং অপ্রীতিকর ঘটনা রুখতে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, শপিংমল ও প্রধান মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেনাকাটা করতে আসা মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি।


আরও পড়ুন: জমে উঠেছে ঈদের কেনাকাটা, খুশি ব্যবসায়ীরা


শহরমুখী মানুষের চাপে সৃষ্ট যানজট নিরসনে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, চাঁদ রাত পর্যন্ত বিক্রির এই ধারা অব্যাহত থাকবে এবং এবার রেকর্ড পরিমাণ ব্যবসা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন