সাতক্ষীরায় ইঁদুর নিধনের বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ গেল কৃষকের

১ সপ্তাহে আগে
সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামে ইঁদুর নিধনের জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবোধ মন্ডল ওই গ্রামের ধীরেন্দ্র মন্ডলের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বোরো ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব কমাতে ক্ষেতের চারপাশে চিকন জিআই তারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন কৃষকরা। সন্ধ্যায় সুবোধ মন্ডল তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে ধানক্ষেত দেখতে যান। পরিদর্শন শেষে বাড়ি ফেরার সময় ছোট ভাই কিছুটা এগিয়ে গেলে সুবোধ মন্ডল পেছনে পড়ে যান।

 

আরও পড়ুন: শেয়াল ঠেকাতে বাগানে বৈদ্যুতিক তার, প্রাণ গেল গরু ও কৃষকের

 

পরে তার ভাই ফিরে এসে দেখেন, সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে ক্ষেতের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ইঁদুর দমনে ধানক্ষেতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও অনেকেই গোপনে এই পদ্ধতি ব্যবহার করছেন। ফলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে এবং অকালেই ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ।

]]>
সম্পূর্ণ পড়ুন