সাতক্ষীরায় আন্তঃজেলা চোর চক্রের ৩ ভাই-বোন গ্রেফতার

২ সপ্তাহ আগে
সাতক্ষীরার শ্যামনগরে চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতাসহ একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় ৯ লাখ টাকা সমমূল্যের বিপুল পরিমাণ লুণ্ঠিত স্বর্ণালংকার।

গ্রেফতাররা হলেন মো. সাইফুল ইসলাম (৩৮), তার ভাই শেখ শিমুল হোসেন (৩০) এবং তাদের বোন জাকিয়া সুলতানা। সাইফুল ও শিমুল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফুলতলা মাজাট এলাকার শেখ জাকির হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগরের ফুলতলা মাজাট এলাকার মো. মোদাচ্ছের আলম লিটনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোর চক্র ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে যায়। পরে মামলার তদন্তে নেমে শ্যামনগর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রোববার (৮ মার্চ) রাতে ঢাকার আশুলিয়া থেকে সাইফুলকে গ্রেফতার করে।

 

পরে সাইফুলের দেয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জের সাটুরিয়া ও সদর থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তার ভাই শিমুল ও বোন জাকিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় জাকিয়ার হেফাজত থেকে এক জোড়া স্বর্ণের রুলি, একটি নেকলেস, তিন জোড়া কানের দুল, তিনটি আংটিসহ বিপুল পরিমাণ অলংকার উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ব্যাগভর্তি টাকা ছিনতাই

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার সাইফুল ইসলাম একজন পেশাদার অপরাধী। কিছুদিন আগেই সে অন্য একটি চুরির মামলায় জেল খেটে জামিনে বেরিয়ে এসে পুনরায় এই দুর্ধর্ষ চুরিতে লিপ্ত হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এই চক্রের অন্য সদস্য সবুজকে গ্রেফতার করে আরও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছিল।

 

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের নামে একাধিক মামলা রয়েছে। অপরাধ দমনে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মাদক ও চুরির মতো অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলা হচ্ছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

 

বর্তমান অভিযানে গ্রেফতার তিন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন