সয়াবিন তেল ও সোডা দিয়ে তৈরি হচ্ছিল দুধ, ৬ জনকে কারাদণ্ড

২ দিন আগে
যশোরে জেলি, সয়াবিন তেল ও সোডা মিশ্রিত করে ভেজাল দুধ তৈরির অপরাধে একটি চক্রের ৬ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) দুপুরে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

র‍্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পাথরঘাটা গ্রামে একটি চক্র মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করছে। 

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে বিষয়টি অবহিত করা হয়। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চক্রের ৬ সদস্যকে আটক করেন।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ। 

 

আরও পড়ুন: সিরাজগঞ্জের সলপের ঘোল-মাঠা যাচ্ছে সারাদেশে, রমজানে বেড়েছে চাহিদা

 

এছাড়া পার্থ ঘোষ নামের একজনকে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের অতিরিক্ত সাজা ভোগের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, সয়াবিন তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ এসব ক্ষতিকর উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। অভিযানে যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না। জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা দুধের নামে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন