সংকটাপন্ন আফগান পেসার, ভরসা দিতে পারছেন না চিকিৎসকেরা

১ সপ্তাহে আগে
মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ), যেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে চিকিৎসকদের একটি দল কাজ করছে। তবে এখন পর্যন্ত তার পরিবারকে নির্দিষ্ট কোনো আশ্বাস দিতে পারছেন না চিকিৎসকেরা।

জাদরানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শরীরে একাধিক জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে রক্তের শ্বেতকণিকা দ্রুত কমে যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থ অবস্থার একটি ছবি প্রকাশ করেন তার ভাই, যা ছড়িয়ে পড়লে ক্রিকেট অঙ্গনে উদ্বেগ বাড়ে।

 

আরও পড়ুন: স্ট্রোকের শঙ্কায় থাকা কাম্বলিকে সাহায্যের জন্য খোলা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ

 

এমন পরিস্থিতিতে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি ও কামরান আকমল। আকমল সামাজিক মাধ্যমে জাদরানকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন। অন্যদিকে আফ্রিদি জানান, জাদরানের পরিবারের সঙ্গে কথা বলে তিনি পরিস্থিতি জেনে ব্যথিত হয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে রুবেলের বিদায়

 

২০০৯ সালে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাদরানের। ২০২০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তার শিকার ৮০টি উইকেট। একসময় গতিময় বোলিংয়ের জন্য পরিচিত এই পেসার এখন লড়ছেন জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে। তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন সতীর্থ ও সমর্থকেরা।

]]>
সম্পূর্ণ পড়ুন