শান্তিবাগে ‘মাদক সেবনে বাধা দেয়ায়’ অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

২ দিন আগে
রাজধানীর শান্তিবাগ এলাকায় মাদক সেবনে বাধা দেয়ায় সেকেন্দার আলী (৩২) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে শান্তিবাগ ভাঙারি গলিতে এ ঘটনা ঘটে।

 

নিহত সেকেন্দার কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি স্ত্রী মাহফুজা ও তিন সন্তানকে নিয়ে রাজধানীর রামপুরা উলন বাজার এলাকায় থাকতেন। পেশায় অটোরিকশা চালক ছিলেন। শাহজাহানপুর ভাঙারি গলিতে তার দুটি অটোরিকশা ছিল।

 

নিহত সেকেন্দারের ভাই আমির আলী জানান, শান্তিবাগ ভাঙারি গলিতে মামুন ওরফে বুলেট মামুন, আকিশোন, মামুনের শ্যালক হান্নানসহ কয়েকজন সেকেন্দারকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে দিবাগত রাত ২টার দিকে স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: বঙ্গভবনের সামনে ট্রাকের ধাক্কায় ২ মুরগি ব্যবসায়ী নিহত

 

স্বজনদের অভিযোগ, হামলায় জড়িতরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও কয়েকবার সেকেন্দার তাদের মাদক সেবনে বাধা দিয়েছিলেন। সোমবারও মামুনসহ কয়েকজন তাকে খুঁজছিল বলে জানা গেছে। পরে রাতে একা পেয়ে তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন