শানাকাকে এক বছরের নিষেধাজ্ঞা দিল পিসিবি

১ সপ্তাহে আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চুক্তি ভঙ্গের অভিযোগে এবার শাস্তির মুখে পড়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। লাহোর কালান্দার্সের সঙ্গে করা চুক্তি থেকে সরে দাঁড়ানোর কারণে তাকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০২৬ আসরের জন্য শানাকাকে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র পাঁচ দিন আগে, গত ২১ মার্চ তিনি নিজেকে প্রত্যাহার করে নেন। এরপর পরের দিনই ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানের বদলি হিসেবে তাকে দলে নেয় আইপিএলের দল রাজস্থান রয়্যালস। যেখানে তার চুক্তির মূল্য ছিল প্রায় দুই কোটি রুপি। যদিও এখন পর্যন্ত এবারের আইপিএলে মাঠে নামার সুযোগ পাননি তিনি।


এই ঘটনায় অসন্তুষ্ট পিসিবি বিষয়টি পর্যালোচনা করে শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শানাকাকে এক বছরের জন্য পিএসএলে অংশগ্রহণে নিষিদ্ধ করার ঘোষণা দেয়া হয়।


আরও পড়ুন: শানাকা সরে দাঁড়ানোয় স্যামসকে দলে নিল লাহোর কালান্দার্স


পিসিবির বিবৃতিতে শানাকার একটি ক্ষমাপ্রার্থনাও উল্লেখ করা হয়। সেখানে তিনি বলেন, পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ছিল অনুতাপজনক এবং তিনি পাকিস্তানের ক্রিকেটপ্রেমী দর্শক ও আয়োজকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।


এর আগে পিএসএলে একটি মৌসুমে অংশ নিয়েছিলেন শানাকা। ২০২২-২৩ আসরে পেশোয়ার জালমির হয়ে দুটি ম্যাচ খেললেও খুব একটা প্রভাব রাখতে পারেননি তিনি।


উল্লেখ্য, এর আগেও পিএসএল চুক্তি ভঙ্গের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। সম্প্রতি একই কারণে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ পেয়েছিলেন এক বছরের নিষেধাজ্ঞা।

]]>
সম্পূর্ণ পড়ুন