শক্তিশালী চীনের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

১ সপ্তাহে আগে
নিজেদের ভুলের কারণেই থাইল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসর শুরু করে বাংলাদেশ। তবে আগের ম্যাচের সেই ভুলগুলো শুধরে নিয়ে চীনের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে অবশ্য বেশ আত্মবিশ্বাসী লাল-সবুজের মেয়েরা। অধিনায়ক অর্পিতা বিশ্বাসের কণ্ঠেও অবশ্য আত্মবিশ্বাসের সুর।

‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (৪ এপ্রিল) শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের ম্যাচে ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে আপাতত গ্রুপের শীর্ষে আছে চীন। আর বাংলাদেশ আছে গ্রুপের তিন নম্বরে। 

 

তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেবে। পাশাপাশি, গ্রুপ পর্বে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুটি দলও শেষ আটে খেলার সুযোগ পাবে। এই লক্ষ্য সামনে রেখে চীনের বিপক্ষে ভালো ফল করে গ্রুপ পর্ব পেরুনোর সম্ভাবনা আরও শক্তিশালী করতে শুক্রবার (৩ এপ্রিল) ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং সেন্টারে নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। 

 

আরও পড়ুন: ‘সীমা লঙ্ঘন’ করায় স্কোয়াড থেকে আর্জেন্টাইন ফুটবলারকে বাদ দিল চেলসি

 

একদিনের রিকভারি শেষে পুরো দলকে একসঙ্গে নিয়ে অনুশীলনে ফিরতে পেরে সন্তুষ্ট গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। বাফুফের পাঠানো বার্তায় তিনি জানিয়েছেন, দলে উল্লেখযোগ্য কোনো চোট সমস্যা নেই—যা দলের জন্য স্বস্তিদায়ক খবর। 

 

‘গতকালকের (বৃহস্পতিবার-২ এপ্রিল) রিকভারি সেশনের পরে আজকে আমরা আবার অনুশীলনে এসেছি এবং গত ম্যাচে যে ভুল-ভ্রান্তিগুলো ছিল— টেকনিক্যালি-ট্যাকটিক্যালি যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, মেয়েরা যে ভুলগুলো করেছে, ভুলের পরিমাণ কীভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে কোচ কাজ করেছে।’ 

 

চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে ডিফেন্ডিং শেইপ কিংবা সেট পিসে যেন কোনো ভুল না হয়, সে নিয়েও আজ কাজ করেছেন কোচ। সেট-পিসে বা ডিফেন্সে ছোটোখাটো কোনো ভুলে যেন গোল হজম না করতে হয়, সে বিষয়েই মূলত জোর দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাসুদ আহমেদ উজ্জ্বল।  

 

আরও পড়ুন: নেইমারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আনচেলত্তি!

 

‘চীন বৈশ্বিক ফুটবলে অনেক ভালো অবস্থানের দল। তাদের বিপক্ষে এবার আমরা খেলব। ডিফেন্ডিং শেইপ, সেট-পিসগুলো নিয়ে কাজ করেছি; যাতে এই সেট-পিসে বা ডিফেন্সের ছোটখাট কোনো ভুলে যেন আর গোল হজম না করি— আমরা ওটার ওপরই জোর দিচ্ছি বেশি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো চোট নেই, ছোটখাটো দুই একটা সমস্যা ছাড়া আজকে মোটামুটি সবাই ট্রেনিং করেছে। মেয়েরা স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে, আমি আশাবাদী ভালো কিছুই হবে আগামীকাল।’ 

 

নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অপির্তা বিশ্বাসের হাতে। নতুন ভূমিকায় আত্মবিশ্বাসী এই ডিফেন্ডার জানিয়েছেন, ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াইয়ের জন্য পুরো দল প্রস্তুত রয়েছে। 

 

‘ইতোমধ্যে আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি এবং আমরা সেখানে যে ভুলগুলো করেছি— আজকে কোচ আমাদেরকে নিয়ে সেসব কাজ করেছেন। আমাদের পজিশন, শেইপ— এসবে যেগুলো ভুল ছিল, সেগুলো নিয়ে কাজ করিয়েছেন। ফিনিশিংয়ের সমস্যা ছিল, সেগুলো নিয়ে কাজ করিয়েছেন। চীন মোটামুটি ভালো দল, আমরা তাদের সাথে লড়াই করব এবং তাদের সাথে লড়াই করার জন্য আমরা প্রস্তুত।’

]]>
সম্পূর্ণ পড়ুন