ব্রুক স্বীকার করেছিলেন যে, গত ১ নভেম্বর ইংল্যান্ডের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অধিনায়কত্ব করার আগের রাতে তিনি বাইরে মদ্যপান করেছিলেন। এমনকি গভীর রাতে একটি ভেন্যুতে ঢোকার চেষ্টা করলে বাউন্সারের বাধার মুখেও পড়েন। বিষয়টি জানার পর ইসিবি তাকে শাস্তি দিলেও তা প্রকাশ্যে আনা হয়নি। অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কথাও ভাবা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জরিমানাতেই সীমাবদ্ধ রাখা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসে দুই মাস পর, অ্যাশেজের পঞ্চম টেস্টে সিডনিতে ইংল্যান্ডের পরাজয়ের পর। প্রথমে ব্রুক দাবি করেছিলেন তিনি একাই ছিলেন, কিন্তু পরে স্বীকার করেন যে তার সঙ্গে বেথেল ও জশ টাং ছিলেন এবং তিনি সতীর্থদের বাঁচাতে মিথ্যা বলেছিলেন।
এই ঘটনা পরে ক্রিকেট রেগুলেটরের কাছে যায়, যারা ইংল্যান্ড ও ওয়েলসের ক্রিকেট নিয়ম তদারকি করে এবং ইসিবি থেকে স্বাধীনভাবে কাজ করে। তারা সিদ্ধান্ত দেয় যে ব্রুক ও বেথেল দুজনই ইসিবির পেশাদার আচরণবিধির ৩.২ ধারার লঙ্ঘন করেছেন।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
এই ধারায় বলা আছে, কোনো খেলোয়াড় এমন কোনো কাজ করতে পারবেন না যা ক্রিকেটের স্বার্থের পরিপন্থী, অথবা খেলাটির সুনাম ক্ষুণ্ণ করতে পারে।
ব্রুক ও বেথেল দুজনই ‘কশন নোটিশ’ (সতর্কবার্তা) মেনে নিয়েছেন, যা মূলত চূড়ান্ত সতর্কতা হিসেবে গণ্য হবে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি, তবে এই নোটিশ আগামী তিন বছর তাদের শৃঙ্খলাজনিত রেকর্ডে থাকবে।
অন্যদিকে, জশ টাং জানিয়েছেন তিনি এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন এবং তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ইংল্যান্ড দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি ডিসেম্বর মাসে বলেছিলেন, তার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো সমস্যা আর দেখা যায়নি। তবে অ্যাশেজ-পরবর্তী পর্যালোচনায় তিনি স্বীকার করেন, কিছু খেলোয়াড়ের মদ্যপানের আচরণ নিয়ে তিনি চিন্তিত।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান
তিনি বলেন, 'অনেক দলের মতোই এখানে দুই-তিনজন খেলোয়াড় আছে যারা সুযোগ পেলে দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে। আমরা একটি ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করছি।'
এরই অংশ হিসেবে ইংল্যান্ড দল শ্রীলঙ্কা সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রাত ১২টার কারফিউ চালু করেছে, যা গ্রীষ্মকালেও বহাল থাকার সম্ভাবনা রয়েছে।
ব্রুক নিউজিল্যান্ডের বিপক্ষে জুনের সিরিজের আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইয়র্কশায়ারের হয়ে খেলতে পারেন । অন্যদিকে বেথেল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·