রাজধানীতে বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২ সপ্তাহ আগে
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম জহিরুল ইসলাম আকাশ (২২)।

শনিবার (১৮ এপ্রিল) ভোরে মধ্য বাড্ডা বৈশাখী স্মরণী জামান সাহেবের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

 

মরদেহের সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেজবাহ উদ্দিন উল্লেখ করেন, খবর পেয়ে ভোর সোয়া ৫টার দিকে পাকা রাস্তার উপর বিদ্যুতের খুঁটির নিচে মৃত অবস্থায় পাওয়া যায় ওই যুবককে। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ভোরে পাশের ওবায়দুল ইসলাম নামে এক বাড়িওয়ালার বাড়ির বিদ্যুতের লাইন চলে গেলে তিনি রাস্তায় বের হয়ে দেখেন, খুঁটির নিচে ওই যুবক মৃত অবস্থায় পড়ে আছে। তার পাশে তার কাটার যন্ত্র ও খুঁটির উপরে দেখতে পান, ওবায়দুল ইসলামের বাড়ির তারটি কাটা। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

আরও পড়ুন: বিদ্যালয়ের সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট!

 

তিনি আরও উল্লেখ করেন, ওই যুবকের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি থানার নাগেরগাঁও গ্রামে। তার বাবার নাম মৃত রফিকুল ইসলাম। বর্তমানে উত্তর বাড্ডা বাগান বাড়ি এলাকায় থাকত। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন