দীর্ঘ প্রতীক্ষার পর এবারের রমজানে ৫টি জুমাবার পাওয়ায় একে মহান আল্লাহর বিশেষ রহমত ও নেয়ামত হিসেবেই দেখছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (২০ মার্চ) জামাতুল বিদায় বরিশাল মহানগরীর প্রতিটি মসজিদে মুসল্লিদের ঢল নামে।
বরিশাল মহানগরীর চকবাজার এবাদুল্লাহ জামে মসজিদ, কেন্দ্রীয় কসাই মসজিদ ও জেলা মডেল মসজিদসহ সব মসজিদগুলো জুমার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জামাতুল বিদার খুতবায় খতিব সাহেবগণ পবিত্র রমজান, জুমাবার ও আসন্ন ঈদুল ফিতরের ধর্মীয় তাৎপর্য তুলে ধরেন। বিদায়ের করুণ সুরে অনেক মুসল্লিকে মোনাজাতের সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। খুতবায় রমজানের শিক্ষা নিয়ে সারা বছর আল্লাহ নির্দেশিত পথে জীবন পরিচালনার তাগিদ দেওয়া হয়।
নামাজ শেষে বরিশাল চকবাজার এবাদুল্লাহ জামে মসজিদের সামনে কথা হয় ষাটোর্ধ্ব মুসল্লি আবদুল হাই-এর সাথে। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, 'এবারের রমজানটা অন্যরকম। দীর্ঘ সময় পর রমজানের ভেতরে পাঁচটি জুমা পড়ার সৌভাগ্য হলো। এটা আল্লাহর বিশেষ নেয়ামত। একদিকে রমজান শেষ হয়ে যাচ্ছে ভেবে মনটা ভারাক্রান্ত, অন্যদিকে ৫টি জুমার বরকত পেয়ে হৃদয়টা শান্তিতে ভরে গেছে।'
আরও পড়ুন: বৈরী আবহাওয়া উপেক্ষা করে জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল
তরুণ শিক্ষার্থী সায়েম বলেন, 'মসজিদে তিল ধারণের জায়গা ছিল না, আমরা রাস্তায় দাঁড়িয়ে জামাতুল বিদার নামাজ পড়েছি। খতিব সাহেব রমজানের পবিত্রতা ধরে রাখার যে নসিহত করলেন, তা আমাদের সারা বছরের পথচলার পাথেয় হয়ে থাকবে।'
জামাতুল বিদার খুৎবাতে বিভিন্ন মসজিদের খতিব ছাহেবগন মাহে রমজান, জুমাবার ও পবিত্র ঈদ উল ফিতরের তাৎপর্য ব্যাখ্যা করে সবাইকে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের নির্দেশিত পথে জীবন পরিচালনার তাগিদ দেন।

৩ সপ্তাহ আগে
১০








Bengali (BD) ·
English (US) ·