রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১ দিন আগে
বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি মো. মামুনকে (২২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ধর্ষণের ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে, সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর নগরীর লালবাগ এলাকার একটি সুপারশপের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি এলাকার সামছুল হোসেনের ছেলে।

 

র‍্যাব কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, ভুক্তভোগী ওই ছাত্রী দশম শ্রেণিতে পড়ে। স্কুলে যাতায়াতের পথে তাকে নিয়মিত প্রেমের প্রস্তাব দিত মামুন। একপর্যায়ে গত ২৫ জানুয়ারি মামুন ওই ছাত্রীকে তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে ছাত্রীর মাথায় হাত রেখে বিয়ের শপথ করে তাকে ধর্ষণ করে সে। তবে এ ঘটনার পর থেকেই ওই ছাত্রীকে এড়িয়ে চলতে শুরু করে মামুন।

 

আরও পড়ুন: ঈদকে সামনে রেখে রংপুরে জুতা-স্যান্ডেলের কারিগরদের ব্যস্ততা

 

পরবর্তীতে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে হাতীবান্ধা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার বিষয়টি আঁচ করতে পেরে মামুন আত্মগোপনে চলে যায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রংপুর নগরী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

 

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বলেন, 'ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

]]>
সম্পূর্ণ পড়ুন