যুক্তরাষ্ট্রে শাহরুখের ‘নাইট রাইডার্স’ স্টেডিয়াম, নজর এখন অলিম্পিকে

৩ সপ্তাহ আগে
হলিউডের শহর লস অ্যাঞ্জেলসের কাছে এবার গড়ে উঠছে ক্রিকেটের নতুন ঘাঁটি। বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ যুক্তরাষ্ট্রে নির্মাণ করেছে ব্যতিক্রমধর্মী একটি ক্রিকেট স্টেডিয়াম, যা ২০২৬ মৌসুম থেকে মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।

ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত এই ভেন্যুর নাম রাখা হয়েছে নাইট রাইডার্স ক্রিকেট স্টেডিয়াম। ফ্র্যাঞ্চাইজি মালিকানাধীন ক্রিকেট স্টেডিয়াম হিসেবে এটি একেবারেই বিরল। ফুটবলে ক্লাবগুলোর নিজস্ব মাঠ থাকলেও ক্রিকেটে এমন নজির খুব কম।

 

স্টেডিয়ামের বিষয়ে এক বিবৃতিতে শাহরুখ খান বলেন, ‘বছরের পর বছর ধরে নাইট রাইডার্স একটি সত্যিকারের বৈশ্বিক পরিবারে পরিণত হয়েছে, আর প্রতিটি নতুন মাইলফলকই আমাদের জন্য বিশেষ। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের নিজেদের একটি ঘর হয়েছে। নাইট রাইডার্স ক্রিকেট স্টেডিয়াম, এটা দেখতে দারুণ রোমাঞ্চকর। যুক্তরাষ্ট্র একটি চমৎকার ক্রীড়া বাজার, যেখানে ভক্তদের প্রবল আগ্রহ রয়েছে। আমরা আশা করি, এই মাঠটি এমন একটি জায়গা হয়ে উঠবে যেখানে মানুষ একত্রিত হয়ে খেলাটিকে উদযাপন করবে এবং দলকে সমর্থন দেবে। লস অ্যাঞ্জেলসে নাইট রাইডার্সের এই নতুন অধ্যায়ের জন্য আমি সত্যিই উন্মুখ হয়ে আছি।’

 

আরও পড়ুন: ষষ্ঠ বাংলাদেশি হিসেবে পিএসএলে দল পেলেন তানজিদ তামিম

 

এই প্রকল্পকে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর। তার মতে, লস অ্যাঞ্জেলেসের মতো বৈশ্বিক ক্রীড়া বাজারে স্থায়ী ঘাঁটি গড়া ফ্র্যাঞ্চাইজিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, ‘লস অ্যাঞ্জেলস বিশ্বের অন্যতম গতিশীল ক্রীড়া বাজার এবং নাইট রাইডার্স ব্র্যান্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সের সঙ্গে অংশীদারিত্বে নাইট রাইডার্স ক্রিকেট ফিল্ড প্রতিষ্ঠা করা আমাদের ফ্র্যাঞ্চাইজির জন্য একটি বড় মাইলফলক। যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে আরও প্রতিষ্ঠিত করা এবং খেলাটির বিকাশে ফেয়ারপ্লেক্সের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার অপেক্ষায় আছি।’

 

স্টেডিয়ামটি ঘিরে আরেকটি বড় সম্ভাবনাও তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলস ২০২৮ অলিম্পিকে ১২৮ বছর পর ক্রিকেট ফিরছে টি-টোয়েন্টি সংস্করণে। আয়োজকদের আগের পরিকল্পনা অনুযায়ী পোমোনার ফেয়ারগ্রাউন্ড এলাকাতেই ক্রিকেট আয়োজনের কথা। ফলে নতুন এই স্টেডিয়ামটি পুরুষ ও নারী; দুই বিভাগের ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে।

 

আরও পড়ুন: নিজের সেরাটা দিতে মদ্যপান ছেড়েছেন ভারতীয় স্পিনার

 

বর্তমানে কলকাতা নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আবুধাবি নাইট রাইডার্স সহ একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিক নাইট রাইডার্স গ্রুপ। এবার তারা নিজস্ব স্টেডিয়াম স্থাপনের মাধ্যমে ক্রীড়া জগতে আরও এক ধাপ এগিয়ে নিল।

]]>
সম্পূর্ণ পড়ুন