লাপোর্তা ৪৮,৪৮০ ভোটের মধ্যে ৬৮.১৮ শতাংশ পেয়ে প্রতিদ্বন্দ্বী ভিক্তর ফন্তকে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে তিনি ক্লাবের স্টেডিয়াম পুনর্গঠন ও আর্থিক পুনরুদ্ধারের কাজ এগিয়ে নেওয়ার শক্তিশালী ম্যান্ডেট পেয়েছেন।
জয়ের পরপরই মেসির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন লাপোর্তা। তিনি বলেন, ‘লিও যেভাবে চাইবে, সেভাবেই বার্সেলোনার সঙ্গে যুক্ত থাকবে। সে একটি শ্রদ্ধাজ্ঞাপনসূচক ম্যাচ এবং একটি ভাষ্কর্যের যোগ্য।’ তিনি আরও যোগ করেন, ‘স্টেডিয়ামে শুধু লাদিস্লাও কুবালা এবং ইয়োহান ক্রুইফের ভাষ্কর্য রয়েছে। মেসির জন্যও তা হওয়া উচিত। বার্সার দরজা তার জন্য সবসময় খোলা।’
আরও পড়ুন: পুনর্নির্বাচিত হয়েই সুখবর দিলেন বার্সেলোনা প্রেসিডেন্ট
এই নির্বাচনী লড়াই মোটেও মসৃণ ছিল না, বিশেষ করে সাবেক কোচ শাভি এর্নান্দেজের মন্তব্যের কারণে। প্রচারণার সময় শাভি লাপোর্তাকে ’মিথ্যাবাদী’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, ২০২৩ সালে মেসির প্রত্যাবর্তন তিনি নিজেই বাধা দিয়েছিলেন।
তবে লাপোর্তা এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল পুরোপুরি ব্যক্তিগত। তার ভাষায়, ‘আমি ২০২৩ সালে হোর্হে মেসির কাছে চুক্তির কাগজ পাঠিয়েছিলাম। মে মাসে তিনি জানান, এখানে চাপ বেশি হবে বলে মেসি মায়ামিতে যেতে চায়। আমি সেই সিদ্ধান্তকে সম্মান করেছি।’
আরও পড়ুন: দলে জায়গা না পেয়ে নেইমার বললেন, ‘স্বপ্ন এখনও বেঁচে আছে’
নিজের বক্তব্যের শেষ অংশে লাপোর্তা বার্সা সমর্থকদের বড় প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ক্লাবের কঠিন সময় শেষ হতে চলেছে। লা লিগাতে দল ভালো করছে এবং তার মেয়াদকালে স্টেডিয়াম পুরোপুরি চালু হবে বলে তিনি বিশ্বাস করেন।
পরিশেষে লাপোর্তা বলেন, ‘আমরা শিরোপা জিততে চাই, সুন্দর ফুটবল খেলতে চাই। মেয়াদের মাঝামাঝি সময়ে স্টেডিয়ামের কাজ শেষ করতে চাই, যা ক্লাবের আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করবে। আমাদের জীবনের সেরা সময় সামনে অপেক্ষা করছে।’

৩ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·