মাদক কারবারিদের তালিকা প্রকাশ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক কারবারিদের তালিকা প্রকাশ করা হবে না। কারণ তালিকা প্রকাশ করলে তা রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে এবং ত্রুটি দেখা দিতে পারে। তাই অত্যন্ত পেশাদারভাবে মাদক কারবারিদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।


গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজের জন্মস্থান কক্সবাজার সফরে আসেন তিনি।


মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে চাইলে প্রথমেই উখিয়া-টেকনাফ রুট দিয়ে মাদকের চোরাচালান বন্ধ করতে হবে। পুলিশ, র‍্যাব, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: দেশ থেকে মব বিলুপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে প্রকাশ্যে তালিকা করার কারণে তা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছিল এবং নানা বাণিজ্য হয়েছে। তাই এবার আমরা প্রকাশ্যে কোনো তালিকা করব না। অত্যন্ত পেশাদারিত্বের সাথে তালিকা তৈরি করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন