মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দোহায় আইসিসির বোর্ড সভা বাতিল

১ দিন আগে
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে কাতারের রাজধানী দোহায় নির্ধারিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড ও কমিটি সভা স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ে সরাসরি সভা আয়োজন সম্ভব না হওয়ায় আইসিসি এখন কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ভার্চুয়ালি আয়োজনের পরিকল্পনা করছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, দোহায় ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই বৈঠকগুলো হওয়ার কথা ছিল। সেখানে আইসিসি বোর্ড পরিচালক, বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী, কমিটির সদস্য এবং আইসিসির শীর্ষ কর্মকর্তাদের অংশ নেয়ার কথা ছিল।

 

তবে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে আকাশপথে যাতায়াতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা সম্ভব না হওয়ায় সভাগুলো আপাতত বাতিল করা হয়েছে।

 

আইসিসি সূত্র জানিয়েছে, বিশেষ করে অর্থসংক্রান্ত কমিটির কিছু গুরুত্বপূর্ণ বৈঠক আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে এপ্রিল মাসে সরাসরি বৈঠক আয়োজনের সম্ভাবনাও খোলা রাখা হয়েছে। তবে তা নির্ভর করছে সংশ্লিষ্ট অঞ্চলের আকাশপথ পুরোপুরি স্বাভাবিক হওয়ার ওপর।

 

আরও পড়ুন: পিএসএলের সূচি ঘোষণা, মোস্তাফিজ-রিশাদ ও নাহিদদের ম্যাচ কবে কখন

 

দোহা বৈঠকে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসার কথা ছিল। এর মধ্যে অন্যতম ছিল আইসিসির বৈশ্বিক সম্প্রচারস্বত্ব নিয়ে আলোচনা। বর্তমানে আইসিসির সঙ্গে ভারতের সম্প্রচার প্ল্যাটফর্ম জিওস্টারের যে চুক্তি রয়েছে, সেটি ২০২৭ সালে শেষ হওয়ার কথা। নতুন সম্প্রচার চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করার পরিকল্পনা ছিল বোর্ডের।

 

এছাড়া ক্রিকেটের পরবর্তী চার বছরের আন্তর্জাতিক সূচি বা ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়েও প্রাথমিক আলোচনা হওয়ার কথা ছিল। পাশাপাশি ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় ২০২৮ সামার অলিম্পিকসে ক্রিকেটের বাছাইপর্ব বা যোগ্যতা অর্জন প্রক্রিয়া নিয়েও মতবিনিময়ের পরিকল্পনা ছিল।

 

সূত্র বলছে, এ বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে এবং কয়েকটি বোর্ড নিজেদের অবস্থান নিয়ে পরামর্শ চালাচ্ছে।

 

আরও পড়ুন: ভালো উইকেটে খেলতে চাই, হোম কন্ডিশনের সুবিধাও চাই: মিরাজ

 

এই প্রথমবারের মতো আইসিসি বোর্ড সভা কাতারে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের দেশটিতে ক্রিকেটে অংশগ্রহণের হার দ্রুত বাড়ছে বলে আইসিসি জানিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে কাতারে ক্রিকেট অংশগ্রহণের হার প্রায় ৪৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে সীমিত আন্তর্জাতিক ফ্লাইট এবং আকাশপথের অনিশ্চয়তার কারণে এখন সেখানে বড় আন্তর্জাতিক সভা আয়োজন সম্ভব নয় বলে মনে করছে আইসিসি।

 

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। সংযুক্ত আরব আমিরাতে ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে নির্ধারিত আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সীমিত ওভারের সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন