‘মইরার আগে ব্রিজের ওপর দিয়া যাওয়ার স্বপ্ন আল্লায় পূরণ হরছে’

৩ সপ্তাহ আগে
‘মরা যাওয়ার আগে ব্রিজের ওপর দিয়া যাওয়ার স্বপ্ন আল্লায় পূরণ হরছে’, এভাবেই বলছিলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমাদুধলের সুন্দরকাঠীর বাসিন্দা সত্তরোর্ধ্ব সত্তার মিয়া।

তিনি বলেন, রাত হলেই বেড়ে যেত গোমা ট্র‍লার ঘাটের ট্রলার চালকদের দৌরাত্ম্য। মানুষদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়। আর প্রাকৃতিক দুর্যোগের সময় চলাচল বন্ধ হয়ে যাওয়ার কষ্ট এবার লাঘব হবে।


মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের রাঙ্গামাটি নদীর ওপর নবনির্মিত ‘গোমা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসেন তিনি। লাঠিতে ভর দিয়ে সেতুর ওপর দাড়িয়ে দীর্ঘ নিশ্বাসের মধ্যে দিয়ে স্মৃতিতে খোঁজেন নৌ পথের সেই বঞ্চনার কথা।


দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সেতুটি উদ্বোধনের পরপরই এটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এর মধ্য দিয়ে অবসান ঘটে দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির। ​সেতুটি উদ্বোধনের পর থেকেই স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। অনেকেই একে 'ঈদের আগেই ঈদ আনন্দ' হিসেবে অভিহিত করেছেন।


সেতুটি চালু হওয়ার ফলে বরিশাল জেলা সদরের সাথে বাকেরগঞ্জ এবং পটুয়াখালীর বাউফল ও দুমকী উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলো।


৯২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২৮৩ মিটার এই সেতুটির যাত্রা খুব একটা সহজ ছিল না। দীর্ঘ ৯ বছরের নির্মাণযজ্ঞে নকশা পরিবর্তন এবং উচ্চতা সংক্রান্ত নানা জটিলতা কাটিয়ে অবশেষে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলো।


আরও পড়ুন: শেবাচিমে ভুল চিকিৎসায় ২ নারীর মৃত্যু: স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিলেন আদালত

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়রা জানান, এই সেতুটি কেবল ইট-পাথরের স্থাপনা নয়, এটি তাদের কয়েক দশকের লালিত স্বপ্ন। এই রুটে চলাচলকারীদের ট্রলার এবং ফেরিঘাটের সিন্ডিকেটের কাছে জিম্মি থাকতে হতো। সেতুটির ফলে মুমূর্ষু রোগী পরিবহন এবং পণ্য সরবরাহে আমূল পরিবর্তন আসবে।


ঠিকাদারি প্রতিষ্ঠান এম খান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহফুজ খান জানান, নকশা পরিবর্তন ও উচ্চতা সংক্রান্ত জটিলতা কাটিয়ে সব ধরনের কারিগরি মান বজায় রেখেই কাজ সম্পন্ন করা হয়েছে।


বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, 'গোমা সেতু এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল। আজ সেই দাবি পূরণের মধ্য দিয়ে উন্নয়নের আরও একটি ধাপ উন্মোচিত হলো।'


উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এই সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাইলফলক। এটি চালুর ফলে এ অঞ্চলের কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি মানুষের দীর্ঘদিনের ভোগান্তি স্থায়ীভাবে লাঘব হবে।


আরও পড়ুন: বিডিজেএ’র নতুন সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবির রুপল


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ও পুলিশ সুপার  এ, জেড, এম মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন