ভারতীয়দের তোপের মুখে বাংলাদেশের পক্ষে করা পোস্ট ডিলিট করলেন গিলেস্পি

৪ সপ্তাহ আগে
নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিসিবির দাবি ছিল, বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের বাইরে আয়োজন করা হয়। অন্যদিকে আইসিসিরও সাফ কথা, বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে; তা না হলে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করা হবে টুর্নামেন্টে। শেষ পর্যন্ত হলোও তাই, বাংলাদেশকে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি। পরে সেই পোস্ট তিনি ডিলিটও করে দিয়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার মুছে ফেলা সেই টুইটের বিষয়ে নীরবতা ভেঙেছেন। যেখানে তিনি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। 

 

আরও পড়ুন: বাংলাদেশ ইস্যুতে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন পাকিস্তানি ক্রিকেটারদের

 

আইসিসির সিদ্ধান্তের বিষয়ে পরিষ্কারভাবে জানতে সোশ্যাল মিডিয়ায় গিলেস্পি প্রশ্ন তোলেন, কেন বাংলাদেশকে ভারতের বাইরে তাদের ম্যাচ খেলার অনুমতি দেওয়া হচ্ছে না? আইসিসির আগের টুর্নামেন্টগুলোতেও তো এমন করা হয়েছিল। পরে তিনি সেই পোস্টটি ডিলিট করে ফেলেন। 

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে। তবে ভারত পাকিস্তানে গিয়ে তাদের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। পরে তারা তাদের সবগুলো ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে এবং একই মাঠে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। তবে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। তবে বাংলাদেশের ক্ষেত্রে কেন ভেন্যু পরিবর্তন করতে আইসিসির এত সমস্যা? 

 

আরও পড়ুন: বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ঘোলা পানিতে মাছ ধরছে: হরভজন

 

গিলেস্পি তার পোস্টে লিখেছিলেন, ‘বাংলাদেশ কেন ভারতের বাইরে তাদের ম্যাচগুলো খেলতে পারবে না, তার জন্য আইসিসির কাছ থেকে কি কোনও ব্যাখ্যা এসেছে? মনে আছে, ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এবং পাকিস্তানের বাইরে তাদের ম্যাচ খেলতে অনুমতি দেওয়া হয়েছিল। কেউ কি এর যৌক্তিক ব্যাখ্যা করতে পারেন?’

 

বাংলাদেশকে সমর্থন জানিয়ে এমন পোস্ট দেয়ায় ভারতীয় সমর্থকদের তোপের মুখে পড়েছেন গিলেস্পি। বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে পোস্ট ডিলিট করেছেন তিনি। এর ব্যাখ্যায় গিলেস্পি বলেন, ‘কারণ সহজ একটা প্রশ্ন করার কারণে আমাকে অপমান (অ্যাবিউজ) করেছে, এজন্য ডিলিট করেছি।’ আরেকটি কমেন্টে তিনি বলেন, ‘আমি কারও পক্ষ নেইনি, শুধু জিজ্ঞেস করেছিলাম এবং সমালোচনার মুখে পড়লাম।’

]]>
সম্পূর্ণ পড়ুন