ভাইয়ের হাতে ভাই খুন, অবশেষে গ্রেফতার

১৩ ঘন্টা আগে
মৌলভীবাজার সদর উপজেলার ফাটাবিল এলাকায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই হানিফ মিয়াকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

সোমবার (১৬ মার্চ) কুমিল্লা সদর কোতোয়ালি থানাধীন সংরাইশ এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আমিনুল ইসলাম জানান, ১১ মার্চ বিকেলে ইফতারের আগ মুহূর্তে শহরতলির ফাটাবিল এলাকায় শিশুদের খেলাকে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে বড় ভাই হানিফ মিয়া ঘটনাস্থলে এসে ছোট ভাই তামিম মিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা কাটাকাটি একপর্যায়ে বড় ভাই হানিফ মিয়া ধারালো চাকু দিয়ে ছোট ভাইয়ের গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক হানিফ মিয়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি ব্রিজের নিচে ফেলে দিয়ে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।


আরও পড়ুন: শহীদ মিনারে রাকিব খুন: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য


এ ঘটনায় নিহতের বোন সাথী আক্তার বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুমিল্লার সংরাইশ এলাকা থেকে হানিফ মিয়াকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হানিফ মিয়া ঘটনার দায় স্বীকার করেছে। তার দেয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলের ব্রিজের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন