বেড়েই চলছে পাহাড় খেকোদের আগ্রাসন, খাগড়াছড়িতে অভিযান

১ সপ্তাহে আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বেড়েই চলেছে পাহাড় খেকোদের আগ্রাসন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে দিন-রাত এই পাহাড় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একটি চক্র। তথ্য রয়েছে গত ১ বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় সাবাড় করেছে চক্রটি। বিভিন্ন সময় প্রশাসনের তৎপরতা চোখে পড়লেও থামানো যাচ্ছে না পাহাড় খেকোদের।

এরই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বিশাল জায়গাজুড়ে বেশ কয়েকটি পাহাড় কেটে সাবাড় করছিল মো. মনির হোসেন নামের এক ব্যাক্তিসহ আরো কয়েকজন। খবর পেয়ে রোববার (৫ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা।

 

অভিযানে দুটি স্কেবেটর (মাটি কাটার গাড়ি) জব্দ করা হয়। এসময় পাহাড় কাটায় জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

আরও পড়ুন: আমের মুকুলে ছেয়ে গেছে খাগড়াছড়ির পাহাড়, রেকর্ড ফলনের আশায় ব্যস্ত চাষিরা

 

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, 'বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। দুটি স্কেবেটর জব্দ করা হয়েছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে'।

 

এসময় স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন