বুমরাহ’র বেতন কমে যাচ্ছে দুই কোটি রুপি!

৩ সপ্তাহ আগে
ভারতীয় পেসার বুমরাহ ছিলেন ‘এ+’ ক্যাটাগরিতে, সেখান থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে ক্যাটাগরি ‘এ’-তে। তার মানে তার বেতনও কমে যাচ্ছে, এক ধাক্কায় ভারতীয় এই পেসারের বেতন কমে যাচ্ছে ২ কোটি রুপি!

বলতে গেলে ভারতের সেরা বোলার এখন জসপ্রীত বুমরাহ। ক্রিকেটের তিন ফরম্যাটেই তিনি খেলে যাচ্ছেন সমানতালে, টুর্নামেন্ট জেতাতে রাখছেন সেরা অবদান, তবুও কমে যাচ্ছে তার বেতন। কিন্তু কেন, আছে কী এর কোনো যৌক্তিক কারণ? 

 

বুমরাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় পরিবর্তন এনেছে। গত মাসে ২০২৫–২৬ মৌসুমের জন্য ৩০ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হলেও, এবার আর রাখা হয়নি সর্বোচ্চ ‘এ+’ ক্যাটাগরি। বোর্ডের ব্যাখ্যা, এই স্তরের জন্য পর্যাপ্তসংখ্যক খেলোয়াড় না থাকায় সেটি আপাতত বাদ দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন: অ্যাশেজ থেকে নিজের বাদ পড়াকে সঠিক মনে করছেন ওলি পোপ

 

গত মৌসুমে ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন চারজন— বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। সাধারণত যারা তিন সংস্করণেই নিয়মিত এবং অন্তত একটি ফরম্যাটে শীর্ষ দশে থাকেন, তারাই এই ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা পান। তবে কোহলি ও রোহিত ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, আর জাদেজা সরে গেছেন টি-টোয়েন্টি থেকে। ফলে ‘এ+’ ক্যাটাগরিতে একমাত্র বুমরাহ’ই থাকেন। 

 

শুধু একজনকে রেখে আলাদা ক্যাটাগরি না রেখে, বিসিসিআই তাকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে এনেছে। ‘এ’ ক্যাটাগরিতে এখন বুমরাহ’র সঙ্গে আছেন জাদেজা এবং টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল। 

 

বুমরাহ’র বেতন নিয়ে তৈরি হয়েছে এখন জটিলতা। সর্বশেষ চুক্তিতে ‘এ+’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা বছরে সাত কোটি রুপি পেতেন, আর ‘এ’ ক্যাটাগরিতে পাঁচ কোটি রুপি। এখন ‘এ’ ক্যাটাগরিতে নেমে যাওয়ায় ‍বুমরাহ পাবেন বছরে পাঁচ কোটি রুপি। অর্থাৎ, আগের বেতনের চেয়ে দুই কোটি কম। 

 

আরও পড়ুন: যেই ক্লাবে ১৭ বছর খেলেছেন, সেই ক্লাবেরই প্রধান কোচ এখন হাডিন

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, চলতি মৌসুমে যে-সব খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করা হয়েছে, তাদের সঙ্গে বেতনের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা করেনি ভারতীয় বোর্ড (বিসিসিআই)। 

 

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বুমরাহকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, সেই উপায় বের করার চেষ্টা করছে বিসিসিআই। 

 

অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, চলতি মৌসুমে অধিকাংশ টি-টোয়েন্টি সিরিজে জাসপ্রিত বুমরাকে বিশ্রামে রাখার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। মূলত ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এখন ওয়ানডে ফরম্যাটে বেশি গুরুত্ব দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন