বিড়ালপ্রেমীদের যে ৭ মুভি দেখা উচিত

৬ ঘন্টা আগে

বিড়ালের কাণ্ডকারখানা নিয়ে তৈরি এমন কিছু মুভি বা সিরিজ আছে, যা দেখলে যে কারও ধারণা বদলে যেতে পারে। বিড়াল হয়ে উঠতে পারে সবচেয়ে প্রিয় বন্ধু। এসব মুভির গল্প যেমন মজার, তেমনি এগুলো থেকে অনেক কিছু শেখারও আছে। চলো জেনে নেওয়া যাক এমন ৭ মুভির কথা, যা দেখার পর যে কেউ বিড়াল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য।

১. দ্য ক্যাট রিটার্নস (The Cat Returns)

স্কুলছাত্রী হারু একদিন রাস্তা পার হওয়ার সময় একটি বিড়ালকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দেয়। সেই বিড়াল আসলে কোনো সাধারণ বিড়াল ছিল না, বরং বিড়াল রাজ্যের রাজপুত্র। এর পর থেকেই হারুর জীবনে ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড। বিড়াল রাজ্যের রাজা হারুকে উপহারে ভরিয়ে দেন ও একপর্যায়ে তাকে বিড়াল রাজ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে হারু ধীরে ধীরে নিজেও বিড়ালে পরিণত হতে শুরু করে। বিড়াল রাজ্যের সেই বিচিত্র জগৎ ও হারুর রোমাঞ্চকর অভিযান নিয়ে তৈরি হয়েছে চমৎকার এই অ্যানিমেটেড মুভি। জাপানের স্টুডিও গিবলির মুভিটি বানিয়েছে। ১ ঘণ্টা ১৫ মিনিটের এই দারুণ মুভি ২০০২ সালে মুক্তি পায়। আইএমডিবিতে এই মুভির রেটিং ৭.১।

২. আ ক্যাট ইন প্যারিস (A Cat in Paris)

ডিনো নামের একটি পোষা বিড়াল প্যারিস শহরে এক অদ্ভুত দ্বৈত জীবন কাটায়। দিনের বেলা সে জো নামে এক ছোট্ট মেয়ের আদুরে বিড়াল হয়ে থাকে। কিন্তু রাত হলেই নিকো নামের এক দক্ষ চোরের সঙ্গী হয়ে শহরের ছাদে ছাদে ঘুরে বেড়ায়। একদিন জো দুর্ঘটনাক্রমে একদল ভয়ংকর অপরাধীর খপ্পরে পড়ে যায়। তখন এই সাহসী বিড়ালটি ওর চোর বন্ধু নিকোকে সঙ্গে নিয়ে জোকে বাঁচাতে এক দুর্ধর্ষ অভিযানে নামে। প্যারিস শহরের সুন্দর দৃশ্য আর চোর পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়া নিয়ে তৈরি হয়েছে এই চমৎকার অ্যানিমেটেড মুভিটি। ১ ঘণ্টা ১০ মিনিটের এই টান টান উত্তেজনার মুভিটি ২০১০ সালে মুক্তি পায়। আইএমডিবিতে এই মুভির রেটিং ৬.৯।

বিড়াল কেন ‘লোফড’ হয়ে বসে থাকে?

৩. রেন্ট-আ-ক্যাট (Rent-a-Cat)

সায়োকো নামের এক তরুণী একাকী মানুষের মন ভালো করতে একটি অদ্ভুত ব্যবসা শুরু করে। সে তার পোষা বিড়ালগুলোকে নিয়ে নদীর ধারে ঘুরে বেড়ায় ও যাদের মন খারাপ, তাদের কাছে বিড়াল ভাড়া দেয়। কীভাবে ছোট ছোট বিড়ালগুলো মানুষের জীবনে আনন্দ ফিরিয়ে আনে, তা নিয়ে এই মুভি। মানুষের আবেগ আর বিড়ালের বন্ধুত্বের মুভিটি পরিচালনা করেছেন জাপানি পরিচালক নাওকো ওগিগামির। ১ ঘণ্টা ৫০ মিনিটের চমৎকার জাপানি মুভিটি ২০১২ সালে মুক্তি পায়। আইএমডিবিতে এই মুভির রেটিং ৬.৯।

৪. দ্য রাব্বিস ক্যাট (The Rabbi's Cat)

১৯২০ সালে আলজেরিয়ায় একটি বিড়াল ভুল করে একটি টিয়া পাখি খেয়ে ফেললে টিয়ার মতো কথা বলতে পারে। কথা বলতে শিখেই ওটা ওর মালিকের কাছে দাবি করে, তাকে ধর্ম শিক্ষা দিতে হবে। বিড়ালটির অদ্ভুত সব যুক্তি আর তার মালিকের সঙ্গে দেশ-বিদেশে ভ্রমণের এক দারুণ অভিযান নিয়ে তৈরি মুভিটি। ১ ঘণ্টা ২৯ মিনিটের মুভিটি ২০১১ সালে মুক্তি পায়। আইএমডিবিতে এর রেটিং ৭.২।

৫. দ্য আইল্যান্ড অব ক্যাটস (The Island of Cats)

জাপানের একটি ছোট দ্বীপে দাইগো নামে এক বৃদ্ধ তার প্রিয় বিড়াল তামাকে নিয়ে বাস করেন। সেই দ্বীপে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যাই বেশি এবং গ্রামবাসীদের সঙ্গে বিড়ালগুলোর বন্ধুত্ব দেখার মতো। মুভিটিতে এক বৃদ্ধ ও তার বিড়ালের গভীর ভালোবাসা ও দ্বীপের সহজ সরল জীবনের গল্প বলা হয়েছে। বিড়ালপ্রেমীদের জন্য এটি একটি অসম্ভব মায়াবী আর শান্তির মুভি। ১ ঘণ্টা ৪৩ মিনিটের এই জাপানি মুভিটি ২০১৯ সালে মুক্তি পায়। আইএমডিবিতে এর রেটিং ৬.৫।

জাতে বিড়াল, ডাকে কুকুরের মতো

৬. ফ্লো (Flow)

এক ভয়াবহ বন্যার ফলে পৃথিবী যখন পানিতে ডুবে যাচ্ছে, তখন একটি বিড়াল একা একাই বাঁচার চেষ্টা করে। একসময় একটি নৌকায় আশ্রয় পায় ও সেখানে ওর সঙ্গে যোগ দেয় আরও কিছু প্রাণী। বিড়ালটি স্বভাবত একা থাকতে পছন্দ করলেও, টিকে থাকার জন্য একে অন্য প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব করতে হয়। কোনো সংলাপ ছাড়াই শুধু চমৎকার দৃশ্যের মাধ্যমে বিড়ালের টিকে থাকার এই লড়াই ফুটিয়ে তোলা হয়েছে মুভিটিতে। ১ ঘণ্টা ২৫ মিনিটের এই দুর্দান্ত অ্যানিমেটেড মুভিটি ২০২৪ সালে মুক্তি পায়। আইএমডিবিতে এর রেটিং ৭.৮।

৭. দ্য গারফিল্ড মুভি (The Garfield Movie)

সবাই জানে, গারফিল্ড নামের বিড়ালটি খুব অলস ও লাজানিয়া খেতে ভীষণ পছন্দ করে। কিন্তু মুভিতে গারফিল্ডকে ওর আরামদায়ক জীবন ছেড়ে এক বিপজ্জনক অভিযানে নামতে হয়। সেখানে দেখা হয় ওর হারিয়ে যাওয়া বাবা ভিকের সঙ্গে, যে নিজেও এক সাহসী বিড়াল। বাবা ছেলের এক মজার আর রোমাঞ্চকর জার্নি নিয়ে তৈরি হয়েছে নতুন মুভিটি। ১ ঘণ্টা ৪১ মিনিটের হাসির মুভিটি ২০২৪ সালে মুক্তি পায়। আইএমডিবিতে এর রেটিং ৫.৭। গারফিল্ডকে নিয়ে আরও বেশ কিছু মুভি আছে।

সূত্র: আইএমডিবি, নেটফ্লিক্স

কুকুর-বিড়াল ছাড়াও পোষার জন্য জনপ্রিয় ১০ প্রাণী
সম্পূর্ণ পড়ুন