বিশ্বকাপে ভারতের ক্রিকেট সিস্টেমের জয় হয়েছে: শোয়েব

২ দিন আগে
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন বানিয়ে কোচের দায়িত্ব ছেড়ে দেন রাহুল দ্রাবিড়। প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন গৌতম গম্ভীর। জাতীয় দলের সাবেক এই টপ অর্ডার ব্যাটারের অধীনে দলে আসে নতুন কোচিং দর্শন, নতুন সিস্টেম এবং নতুন খেলোয়াড়দের সুযোগ। তার সময়েই টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন।

দায়িত্ব বুঝে নিয়েই গম্ভীর খেলোয়াড়দের মধ্যে 'দল আগে' মানসিকতা গড়ে তোলেন। এর ফল হিসেবে ভারত সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে সক্ষম হয়েছে। এই সাফল্যের পর ক্রিকেট বিশ্ব যখন ভারতকে প্রশংসায় ভাসাচ্ছিল, তখন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারও ভারতের ক্রিকেট ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন।


একটি পাকিস্তানি মিডিয়া শোতে কথা বলতে গিয়ে শোয়েব বলেন, ভারতের সাফল্যের পেছনে তাদের নীতি, সিস্টেম এবং ম্যানেজমেন্ট বড় ভূমিকা রেখেছে।


তিনি বলেন, 'ভারত সম্পর্কে আমি কয়েকটি কথা বলব। প্রথমত তাদের নীতি জিতেছে। তারপর তাদের সিস্টেম জিতেছে। সবচেয়ে বড় কথা তাদের ম্যানেজমেন্ট জিতেছে। আগে হয়তো সঠিক জায়গায় অর্থ ব্যয় করা হতো না। যারা রঞ্জি ট্রফিতে খেলত, তারা তেমন আয় করত না। কিন্তু আজ গৌতম গম্ভীর সবার সঙ্গে লড়ে দুই তরুণকে সুযোগ দিয়েছেন এবং বলেছেন তিনি তাদের সমর্থন করবেন।'


আরও পড়ুন: ভারত ক্রিকেটটাকে নষ্ট করে ফেলেছে: শোয়েব আখতার

 

তিনি আরও বলেন, 'তোমাদের সামনে সাঞ্জু স্যামসন ছিল। আমি বারবার বলছি, একজন খেলোয়াড় পুরো দলের পরিস্থিতি বদলে দিয়েছে। আর অভিষেক শর্মা খুবই তরুণ, কিন্তু অনেক পরিণত। ক্রিকেটে এখনও অনেক কিছু শেখার আছে, কিন্তু সে যথেষ্ট পরিণত একজন খেলোয়াড়।'


কোহলি ও রোহিত ২০২৪ বিশ্বকাপ জয়ের পরই টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। তবে শোয়েব বিতর্ক তৈরি করেন এই বলে যে, ভারতের নতুন দল গড়ার পরিকল্পনার অংশ হিসেবেই তাদের আসলে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।


তিনি বলেন, 'অনেক বড় বড় খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে; রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো কিংবদন্তিকেও। তারা বিদায় নিয়েছে এবং এখন ভারত বিশ্বকাপ জিতে ফেলেছে। তারা একটি জয়ী দলের অংশ ছিল, একজন অধিনায়ক, একজন কিংবদন্তি। কিন্তু দল সামনে তাকিয়েছে এবং আজ প্রমাণ করেছে যে সিদ্ধান্তটি সঠিক ছিল।'


আরও পড়ুন: পাকিস্তানের খেলোয়াড় বাছাই নীতির তীব্র সমালোচনা করলেন আফ্রিদি


শোয়েব ভারতের ক্রিকেট বোর্ডের বিনিয়োগ এবং কাঠামোরও প্রশংসা করেন। তার মতে, সিস্টেমে ধারাবাহিকভাবে অর্থ বিনিয়োগ করার ফলেই এই সাফল্য এসেছে।


শেষে তিনি বলেন, 'আজ দেখুন কত সুন্দরভাবে তারা তাদের সিনিয়রদের সম্মান করছে। সাবেক অধিনায়ক রোহিত শর্মা এবং এমএস ধোনি দাঁড়িয়ে আছেন যখন ভারত উদযাপন করছে। ভারতকে অভিনন্দন। যদি মেধার ভিত্তিতে দল নির্বাচন করা হয়, তাহলে সাফল্য আসবেই। আজ তারা তাদের (টানা) দ্বিতীয় বিশ্বকাপ জিতেছে।'
 

]]>
সম্পূর্ণ পড়ুন