বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী

৩ ঘন্টা আগে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। যা প্রতিশ্রুতি করে তা বাস্তবায়ন করে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছার বাঁশাটি ইউনিয়নের সিংড়ার খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী, খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সারা দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উপজেলায় খাল খনন শুরু করা হচ্ছে। তিনি ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন, ভোটের যে দাগ আঙুলের মধ্যে আছে, সে দাগ ওঠার আগেই প্রকল্পগুলো বাস্তবায়নের আওতায় আনা হবে। সে প্রকল্পগুলো বাস্তবায়ন করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। যা প্রতিশ্রুতি করে তা বাস্তবায়ন করে।’


প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন, সে সকল প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। কৃষক কার্ড শুরু হবে অচিরেই। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য যে ভাতা, সেটা পর্যায়ক্রমে শুরু করা হচ্ছে এবং পাইলট প্রকল্প চলমান।’


আরও পড়ুন: দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে, পর্যায়ক্রমে সরবরাহ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী


বক্তব্যের আগে প্রতিমন্ত্রী খাল খননের নাম ফলক উন্মোচন করেন এবং খালপাড়ে বৃক্ষরোপণ করেন। এছাড়া ৫ জাতের দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন।


খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, সদরের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।


প্রসঙ্গত, ২০২৫-২০২৬ অর্থ বছরের দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন, পুনঃখনন কর্মসূচি প্রকল্পের আওতায় সিংড়ার খালের কাজলকোঠা বিল থেকে কলমোহনা পর্যন্ত (৫.৮ কিমি) খনন করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন