বান্দরবানে ১ হাজার ৯৭ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

১ দিন আগে
বান্দরবানের লামা উপজেলায় প্রধানমন্ত্রী ঘোষিত পাইলট প্রকল্পের আওতায় এক হাজার ৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের নতুন একটি পদক্ষেপ বাস্তবায়িত হলো।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে লামা উপজেলা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

 

জানা যায়, প্রথম ধাপে লামা উপজেলার দুর্গম ফাঁসিয়াখালী ইউনিয়নের এক হাজার ৯৭টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে। উদ্বোধনী দিনে এর মধ্যে আট শতাধিক পরিবারের হাতে কার্ড তুলে দেয়া হয়। ফ্যামিলি কার্ড হাতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা।

 

আরও পড়ুন: বান্দরবানে পুলিশের অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রীর একটি মহৎ উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো কিছুটা হলেও স্বাবলম্বী হতে পারবে। শুরুতে এক হাজার ৯৭টি পরিবারকে দেয়া হচ্ছে, পর্যায়ক্রমে এলাকার সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে।’

 

অনুষ্ঠানে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন