বাজে পারফরম্যান্সের পরও অভিষেককে ফাইনালে বাদ না দেয়ার পক্ষে হরভজন

৫ দিন আগে
বাজে পারফরম্যান্সের পরও ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ফাইনালে বাদ না দেওয়ার পক্ষে সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে, শেষ ম্যাচে বাদ দেয়া হলে মানসিকভাবে ভেঙে পড়বেন বাঁহাতি ওপেনার। সমালোচনার মাঝে অভিষেক শর্মার ঢাল হয়ে দাঁড়ালেন ওপেনার সানজু স্যামসন। ফাইনাল তার দিন বলেও মত স্যামসনের।

ডর-ভয়হীন মারকাটারি ব্যাটিংয়ের কারণে অল্প সময়ে বিশ্ব ক্রিকেটে সমাদৃত হন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। যার ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের কিংবদন্তিরা। দুর্দান্ত ব্যাটিং করে আইসিসি টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন। তবে এই বিশ্বকাপেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখে ফেলেছেন অভিষেক শর্মা। 

 

যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নেদারল্যান্ডস— এই তিন দেশের সঙ্গে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই শূন্য রানে আউট হন অভিষেক শর্মা। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ রান আসে তার ব্যাট থেকে। ফর্মে ফেরার আভাস দেন জিম্বাবুয়েকে পেয়ে। ৩০ বলে ৫৫ রান করেন বাঁহাতি ওপেনার। তবে তার দুর্বলতা বড় দলগুলো ভালোভাবেই টের পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে আবারও ব্যর্থ হন। সুপার এইটের বাঁচামরার ম্যাচে করেন ১০ রান আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার উইলো থেকে আসে ৯ রান। 

 

আরও পড়ুন: টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে যারা

 

রেকর্ড গড়া ম্যাচে ভারত ফাইনাল নিশ্চিত করেছে ঠিকই। তবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্বকাপে তার উপর প্রত্যাশা ছিল ভালো কিছুর। তবে বরাবরই ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। তাই রোববারের ফাইনালকে সামনে রেখে আলোচনা উঠেছে অভিষেক শর্মাকে একাদশে রাখা হবে কিনা। 

 

তাকে নিয়ে সমালোচনা চলমান থাকলেও, সাবেক বর্তমানদের পাশে পাচ্ছেন অভিষেক। সাবেক স্পিনার হরভজন সিং বলছেন, এই মুহূর্তে উইনিং কম্বিনেশন ভাঙবে না টিম ইন্ডিয়া। আর অভিষেক শর্মাকে বাদও দিতে চাইবে না। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিষেক। অতি প্রত্যাশার কারণেই এমনটা হতে পারে। তবে তাকে বাদ দেয়া ঠিক হবে না বলেও মত হরভজনের।  

 

নিজের ইউটিউব চ্যানেলে হরভজন সিং বলেন, ‘আমি মনে করি না তাকে (অভিষেক) দল বেঞ্চে রাখবে এবং এমনকি আমি মনে করি না যে তার বাইরে থাকা উচিত। কারণ এখনই সময় একজন খেলোয়াড়কে সমর্থন করার। হ্যাঁ, আমরা স্বীকার করি যে সে এখনও পর্যন্ত খুব বেশি কিছু করেনি এবং সে প্রত্যাশা পূরণ করতে পারেনি।’

 

আরও পড়ুন: যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড

 

তার পাশাপাশি বর্তমান সতীর্থ সানজু স্যামসনকে পাশে পেয়েছেন অভিষেক শর্মা। ফাইনাল ম্যাচটা হবে অভিষেক শর্মার বলে মনে করেন সানজু। তবে এমন বাজে পারফরম্যান্সের পরও আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন তিনি। 

 

এদিকে, রোববারের ফাইনাল সামনে রেখে বেশ কিছু আনুষ্ঠানিকতা হাতে নিয়েছে আইসিসি। যেখানে সংগীত পরিবেশন করবেন পুয়ের্তো রিকোর শিল্পী রিকি মার্টিন, সঙ্গে থাকবেন এক ঝাঁক নৃত্য শিল্পী। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। আর ফাইনাল ম্যাচ শুরু হবে সাড়ে ৭টায়। এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

]]>
সম্পূর্ণ পড়ুন