বাংলাদেশ ইস্যুতে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন পাকিস্তানি ক্রিকেটারদের

৪ সপ্তাহ আগে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে বোর্ডের নীতিগত অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবস্থানকে সমর্থন করেন জাতীয় দলের খেলোয়াড়রা।

জিও নিউজ জানিয়েছে, রোববার (২৫ জানুয়ারি) পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেন এবং আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পর বোর্ডের অবস্থান সম্পর্কে তাদের অবহিত করেন।


বৈঠকে খেলোয়াড়রা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যকার এই বিরোধে পিসিবি চেয়ারম্যানের নীতিগত ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেন।


বাংলাদেশ তাদের খেলোয়াড়দের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে দল পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

 

আরও পড়ুন: পদ্মশ্রীতে ভূষিত রোহিত ও হারমানপ্রীত


শনিবার (২৪ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে আইসিসি জানায়, ভারতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো 'বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি' না পাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।


তবে পিসিবি চেয়ারম্যান নাকভি বলেন, এই সিদ্ধান্ত আইসিসির 'দ্বিমুখী নীতির' প্রতিফলন। তিনি জানান, টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে সরকার যে নির্দেশনা দেবে, পিসিবি সেটিই অনুসরণ করবে।


নাকভি আরও বলেন, বাংলাদেশের প্রতি পাকিস্তানের সমর্থন ক্রিকেটের স্বর্ণালী নীতিমালা অনুসরণ করেই দেওয়া হচ্ছে এবং খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধেও তিনি সতর্ক করেন।


 

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে পিসিবির বৈঠক। ছবি: জিও নিউজ


তিনি বলেন, 'রাজনীতিতে জর্জরিত ক্রিকেট কারও স্বার্থেই নয়। সবাইকে ক্রিকেটের নীতির মধ্যেই পরিচালিত হতে হবে।'


সূত্র জানায়, পিসিবি চেয়ারম্যান আগামীকাল (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সেখানে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণসংক্রান্ত বিষয়গুলো আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে জাতীয় দলকে শুভকামনা জানান নাকভি। তিনি সাফল্য অর্জনে দলগত ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

 

আরও পড়ুন: বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ঘোলা পানিতে মাছ ধরছে: হরভজন


তিনি বলেন, জাতীয় দলের খেলোয়াড়রা প্রতিভাবান এবং প্রতিযোগিতার সব দিকেই নিজেদের মেলে ধরতে জানে। পাশাপাশি তিনি জানান, আসন্ন সিরিজে তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন সমর্থকরা।


এই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা, প্রধান কোচ মাইক হেসন, পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা, পরিচালক (মিডিয়া), পরিচালক (কমার্শিয়াল) এবং দল ব্যবস্থাপক।

]]>
সম্পূর্ণ পড়ুন