বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ঘোলা পানিতে মাছ ধরছে: হরভজন

৪ সপ্তাহ আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া এবং এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন নিয়ে নিজের মতামত জানিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ সরকারের নির্দেশনার ওপর নির্ভর করবে—যার মাধ্যমে বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান সরে দাঁড়াতেও পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের অবস্থানের সমালোচনা করেছেন হরভজন। তিনি বলেন, বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে ‘দুই বনাম এক’–এর লড়াই হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে পাকিস্তান। সাবেক এই অফস্পিনার পাকিস্তানের উদ্দেশ্য ও সময় নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন, বিশেষ করে যখন তাদের নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ এবং তাদের খেলোয়াড়রাই।


হরভজন সিং পিটিআইকে বলেন, ‘পাকিস্তান ঘোলা পানিতে মাছ ধরছিল এবং দুই বনাম এক-এর খেলা খেলতে চাইছিল (পাকিস্তান ও বাংলাদেশ বনাম ভারত)।’


তিনি আরও বলেন, ‘তারা নিজেরাই তো শ্রীলঙ্কায় খেলছে—এটা (বাংলাদেশের বাদ পড়া) তাদের বিষয়ই ছিল না। যেখানে প্রয়োজন নেই, সেখানে কেন হস্তক্ষেপ? শেষ পর্যন্ত ক্ষতিটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল ও তাদের খেলোয়াড়দেরই। বিশ্বকাপে খেলতে না পারা খেলোয়াড়দের জন্য বিশাল এক ক্ষতি।’

 

আরও পড়ুন: পদ্মশ্রীতে ভূষিত রোহিত ও হারমানপ্রীত


শনিবার (২৪ জানুয়ারি) আইসিসি এক ঘোষণায় জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড অংশ নেবে। আইসিসি এই সিদ্ধান্তকে ‘কঠিন সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে জানায়, টুর্নামেন্ট শুরু হতে আর বেশি সময় না থাকায় বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির অনুরোধ তারা মেনে নিতে পারেনি।


হরভজন মন্তব্য করেন, বিষয়টি বিসিবির জন্য এখন ‘অহংকারের প্রশ্ন” হয়ে দাঁড়িয়েছে এবং তারা সমাধানের পথ খোঁজার বদলে আক্রমণাত্মক অবস্থান নিয়ে ভুল করেছে। তিনি বলেন, ‘ভারতে না যাওয়ার ব্যাপারে সরাসরি ‘না’ বলার আগে তাদের উচিত ছিল আইসিসির সঙ্গে আলোচনার দরজা খোলা রাখা।’

 

আরও পড়ুন: খেলা আর রাজনীতিকে পুরোপুরি আলাদা করা যায় না: রোডস


এছাড়াও হরভজন বলেন, শনিবার মহসিন নাকভির সরে দাঁড়ানোর হুমকি দেওয়া উচিত হয়নি। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে তিনি মনে করেন, ভারতের উইকেটে বাংলাদেশ তুলনামূলক ভালো সুযোগ পেত—বিশেষ করে তাদের মানসম্পন্ন স্পিনারদের কারণে।


হরভজন বলেন, ‘যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় হতো, তাহলে তাদের কোনো সুযোগই থাকত না। কিন্তু এখানে তারা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারত এবং সুপার এইটে গিয়ে কয়েকটি অঘটনও ঘটাতে পারত। তাই শেষ পর্যন্ত এটি কারও ক্ষতি নয়—শুধু বাংলাদেশেরই ক্ষতি।’

]]>
সম্পূর্ণ পড়ুন