বঙ্গভবনের সামনে ট্রাকের ধাক্কায় ২ মুরগি ব্যবসায়ী নিহত

২ দিন আগে
রাজধানীতে বঙ্গভবনের সামনে ট্রাকের ধাক্কায় মুরগি বহনকারী একটি গাড়ি উল্টে ২ মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন মুরগি ব্যবসায়ী রিপন (৫০) ও সুলতান (৪০)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর ৫টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 

তাদের হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালক মো. শাহীন আলম জানান, ‘গুলিস্তানের কাপ্তানবাজার মুরগি বাজারে ভ্যান চালাই। সেখান থেকে প্রায় প্রতি রাতেই মুরগি কিনে নিয়ে যেত রিপন ও সুলতান। সেই সূত্রেই তাদের সঙ্গে পরিচয়। শান্তিনগরে ওই দুজনের মুরগির দোকান রয়েছে এবং সেখানেই তারা থাকতেন।’

 

আরও পড়ুন: মাদক সেবনে দেখে ফেলায় মাদ্রাসাছাত্রকে শ্বাসরোধে হত্যা!

 

তিনি আরও জানান, রাতে রিপন ও সুলতান কাপ্তানবাজার থেকে মুরগি কিনে একটি মুরগি বহনকারী গাড়িতে করে শান্তিনগরের উদ্দেশ্যে রওনা হন। পথে বঙ্গভবনের সামনে পৌঁছালে তাদের গাড়িটি ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে গেলে তারা দুজন গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হন তারা। 
 

তবে গাড়ির চালক ভেতরেই আটকে ছিলেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন