ফেডারেশন কাপে পয়েন্ট হারাল আবাহনী, শীর্ষস্থান মজবুত করলো ব্রাদার্স

২ সপ্তাহ আগে
ফেডারেশন কাপে প্রত্যাশামতো শুরু করতে পারছে না দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ১-১ গোলে ড্র করে আবারও পয়েন্ট হারিয়েছে আকাশি-নীলরা।

মঙ্গলবার (১০ মার্চ) কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় রহমতগঞ্জ। ম্যাচের নবম মিনিটে ঘানার ফরোয়ার্ড আরনেস্ট বোয়েটেং গোল করে দলকে লিড এনে দেন। শুরুতেই গোল হজম করে কিছুটা চাপে পড়ে ধানমন্ডির ক্লাবটি। 

 

আরও পড়ুন: লম্বা সময়ের জন্য মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা

 

এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণের ধার বাড়ায় আবাহনী। প্রথমার্ধের শেষদিকে পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান শেখ মোরসালিন। ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল। 

 

দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা, দুই দলই চালায় আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। এই ড্রয়ের ফলে তিন ম্যাচে এক জয়, একটি করে ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে গত আসরের রানার্সআপ আবাহনী। 

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার আশ্রয়ে ইরানের পাঁচ নারী ফুটবলার; নির্ভয়ে ফেরার আহ্বান তেহরানের

 

একই দিনে বড় জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ব্রাদার্স ইউনিয়ন। বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লিউডিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। 

 

ব্রাদার্স ইউনিয়নের হয়ে জোড়া গোল করেছেন পাকিস্তানের মিডফিল্ডার সায়াক দস্ত। ম্যাচের ১২ ও ৫৮ মিনিটে গোল দুটি করেন এই ফুটবলার। দলের হয়ে আরেকটি গোল আসে স্পেনের ইব্রাহিমা ব্যারির পা থেকে। শীর্ষে থাকা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট তিন ম্যাচে ৭।


 

]]>
সম্পূর্ণ পড়ুন