ফর্মহীন বাটলারকে যে পরামর্শ দিলেন হার্মিসন

৫ দিন আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা জস বাটলারের জন্য একেবারেই ভালো যায়নি। ৮ ইনিংসে ১০.৮৭ গড়ে মাত্র ৮৭ রান এসেছে তার ব্যাট থেকে। এমন পরিসংখ্যান অন্তত জস বাটলারের সঙ্গে একেবারেই মানানসই নয়।

একজন মারকুটে ব্যাটার হিসেবেই খ্যাতি রয়েছে বাটলারের। তবে এবারের বিশ্বকাপটা একদমই ভালো ছিল না তার জন্য। অনেক দিন ধরেই ফর্মে নেই এই ব্যাটার। সর্বশেষ চার আইসিসি ইভেন্ট বিবেচনায় নিলে ২৭ ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন কেবল একবার, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, অপরাজিত ৮৩ রানের ইনিংস। 

 

আরও পড়ুন: বাজে পারফরম্যান্সের পরও অভিষেককে ফাইনালে বাদ না দেয়ার পক্ষে হরভজন

 

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৫ ইনিংসেও ফিফটি নেই তার। অনেকেই তাই ভাবছেন, এবার বুঝি ক্যারিয়ারের ইতি টানবেন বাটলার। তার এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিভ হার্মিসন। 
টকস্পোর্টের আলোচনায় স্টিভ হার্মিসন বলেছেন, ‘তাকে (জস বাটলারকে) আয়নায় নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করতে হবে, আমি কি সত্যিই আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে চাই? যদি উত্তর হয়, আমি খেলব, তাহলে খেলতে থাকুক, আমার মনে হয় জসের এটা ভাবার অধিকার আছে যে, আরেকটি টুর্নামেন্টে (খেলতে) যাওয়ার মতো অবস্থা আমার আছে কি না।’

 

আরও পড়ুন: টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে যারা 

 

হার্মিসন আরও বলেন, ‘শুধুমাত্র জসই (বাটলার) এর উত্তর দিতে পারবে এবং তাকে সেই সুযোগ দেওয়া উচিত। কিন্তু জসের দিকে তাকিয়ে আমি ঠিক বুঝতে পারি না যে, এই মুহূর্তে সে ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলা উপভোগ করছে কি না। আমি নিশ্চিত নই, যদি সেটা না হয় (উপভোগ না করে), তাহলে হয়তো জসের বলার সময় এসেছে, আমি আমার সময় দিয়েছি, ইংল্যান্ডের জন্য সবকিছু দিয়েছি, আমি ইংল্যান্ডের সাদা বলের সেরা খেলোয়াড় ছিলাম এবং এখন অন্য কারো দায়িত্ব নেওয়ার সময়।’ 

 

বাটলারের জন্য খারাপ হলেও ইংল্যান্ডের জন্য বিশ্বকাপের আসরটা একেবারেই খারাপ যায়নি। দারুণ পারফর্ম করে সেমিফাইনালে উঠেছিল দলটি। শেষ চারের ম্যাচে ভারতের বিপক্ষে ২৫৩ রানের জবাবে ২৪৬ রান তোলে ইংলিশরা। ৭ রানে হেরে সেমি থেকে বিদায় নিতে হয় দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।

]]>
সম্পূর্ণ পড়ুন