নগরায়ণের ধূসর দেয়ালে এ যেন বাগানবিলাসের রঙিন ক্যানভাস

২ দিন আগে
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের প্রিয় শহর বরিশাল। নগরায়ণের ধুলোবালিতে সেই চিরচেনা সবুজ নিসর্গ এখন অনেকটাই স্মৃতি হলেও বসন্তের আগমনে এই শহর ফিরেছে রঙের উৎসবে। মহানগরীর বিএম কলেজ, ক্লাব রোড, সিঅ্যান্ডবি রোড, মুক্তিযোদ্ধা পার্ক, রাজা বাহাদুর সড়ক ও কাউনিয়াসহ সর্বত্রই লেগেছে বসন্তের ছোঁয়া।

সিঅ্যান্ডবি রোডের বিএডিসি ভবনের দেয়ালটি এখন যেন এক জীবন্ত ক্যানভাস। সরু ডালে ফুটে থাকা রঙিন বাগানবিলাস ঢেকে দিয়েছে দেয়ালের ধূসর রং। পথচারীদের থমকে দেয়া এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউ কেউ স্মৃতি ধরে রাখছেন ক্যামেরায়, আবার কেউ মেতেছেন সেলফিতে।

 

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাবাসসুম জানান, বাসায় ফেরার পথে সিঅ্যান্ডবি রোডের এই বাগানবিলাস দেখে তিনি থমকে দাঁড়িয়েছেন। প্রাকৃতিক এই সৌন্দর্যের সাথে স্মৃতি ধরে রাখতে ছবিও তুলেছেন তিনি।

 

বিএম কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পপি বলেন, ‘বাগানবিলাস জানান দিচ্ছে প্রকৃতিতে তার শক্ত অবস্থানের কথা। এটি ছবির চেয়েও সুন্দর। যেকোনো মানুষই বাধ্য হবে এই ফুলের সাথে ছবি তুলতে।’

 

আরও পড়ুন: ঈদযাত্রা: বরিশালের বাস-লঞ্চগুলোতে চলছে যান্ত্রিক ত্রুটি সারানো ও সজ্জার কাজ

 

কীর্তনখোলা তীরের মুক্তিযোদ্ধা পার্কেও লেগেছে বসন্তের রং। এখানে প্রবেশপথেই দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে লাল বোতলব্রাশের ঝাড়। ব্যস্ত নাগরিক জীবনে একটু প্রশান্তির খোঁজে মানুষ এখানেই ভিড় জমায়। এছাড়া গোলাপি, লাল কিংবা কমলা নানা রঙের বাগানবিলাসে সেজেছে রাজাবাহাদুর সড়ক ও ক্লাব রোড।

 

তবে এই সৌন্দর্যের আড়ালে উঁকি দিচ্ছে নগরায়ণের রূঢ় বাস্তবতা। বরিশাল সিটি কর্পোরেশনের স্থপতি মো. সাইদুর রহমান বলেন, ‘কেবল শৌখিন বাগানবিলাস নয়, প্রয়োজন পরিকল্পিত সবুজায়ন। অপরিকল্পিতভাবে যাতে ভবন নির্মাণ করতে না পারে, সে ক্ষেত্রে সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে।’

 

ইট-কাঠের নির্জীব দেয়ালে যখন এমন রঙের উৎসব নামে, তখন মনে হয় শহর বদলালেও বসন্ত তার রূপ বদলায় না।

]]>
সম্পূর্ণ পড়ুন