দেবীগঞ্জে ট্রাক্টর ও ভ্যানের সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

১ সপ্তাহে আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের মা, ভাই ও খালাসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পায়রা চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন সোনাহার মল্লিকাদহ নুরুর বাজার সিকদার পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। সে একটি মাদ্রাসার ছাত্র ছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আল আমিন তার মা, ভাই ও খালার সঙ্গে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিল। পথে পায়রা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা শিশু আল আমিনসহ সাতজনই ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- আল আমিনের মা আসমা খাতুন (৩৬), ছোট ভাই আরাফাত (৫), খালা সাজেদা বেগম (৩৭), খালাতো ভাই সুজাব আলী (৮), জুলেখা বেগম (৩৮) এবং ভ্যানচালক তারা মিয়া (৩৯)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আরও পড়ুন: সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩


দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন