তুমুল বাগ্‌বিতণ্ডার পর পঞ্চগড়ের উপপরিচালকের কাণ্ড, ভিডিও ভাইরাল

১ দিন আগে
নারী কর্মচারীদের সঙ্গে হাজিরা খাতা নিয়ে অশোভন আচরণের অভিযোগ উঠেছে পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক একেএম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে। এ নিয়ে কর্মচারীদের সঙ্গে তার তুমুল বাগ্‌বিতণ্ডার হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নিজ কার্যালয় থেকে তিনি দৌড়ে বেরিয়ে যান বলে জানা যায়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে পৌরসভার ইসলামবাগ লিচুতলা এলাকায় মহিলা বিষয়ক অধিদফতরের জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।


মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, হাজিরা খাতা নিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা চলছে। এক পর্যায়ে নিজ কার্যালয় থেকেই দৌড়ে বেরিয়ে যান মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক একেএম ওয়াহিদুজ্জামান। 


অভিযোগ উঠেছে, অফিসে নির্ধারিত সময়ে কর্মচারীরা উপস্থিত থাকা সত্ত্বেও কয়েকজন কর্মচারীকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেননি তিনি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কার্যালয় থেকেই দৌড়ে বেরিয়ে যান ওই কর্মকর্তা। এ ছাড়াও নারী দিবসে নারী কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণসহ অফিসের অন্যান্য স্টাফদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগও রয়েছে।


আরও পড়ুন: মাদক ব্যবসায় বাধা, স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল


কার্যালয়ের সহকারী ট্রেইনার লুনা বেগম অভিযোগ করে সময় সংবাদকে বলেন, ‘নারী দিবসে কোনো কারণ ছাড়াই মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক একেএম ওয়াহিদুজ্জামান আমাকে লাঞ্ছিত করেছেন সবার সামনে। শুধু আমার সঙ্গে না, অফিসের সবার সঙ্গেই খারাপ আচরণ করেন। কারণে অকারণে নানা রকম হুমকি দিয়ে যান। প্রতিবাদ করায় তার আচরণ আরও খারাপ হয়।’


অফিস স্টাফ সেলিনা নাসরিন, মন্জুরুল ইসলাম ও কমবুল হোসেন সময় সংবাদকে বলেন, ‘সকাল ৯টার আগে আমরা সবাই অফিসে উপস্থিত হয়েছি। কিন্তু মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক একেএম ওয়াহিদুজ্জামান স্যার সকাল থেকেই আমাদের হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেননি। স্বাক্ষরের কথা বললে তিনি বেলা ১১টার পর দেবেন বলে জানান। এরপর সকাল ১০টার দিকে মোবাইলে তিনি ভিডিও ধারণ শুরু করেন। এক পর্যায়ে তার সঙ্গে সবার কথা কাটাকাটি শুরু হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হলে- তিনি দৌড়ে পালিয়ে যান।’


ঘটনার পর থেকে কার্যালয়ে কর্মকর্তা ওয়াহিদুজ্জামান উপস্থিত না থাকায় সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সেবাপ্রত্যাশীরা।


আরও পড়ুন: সেনা সদস্যদের সঙ্গে তর্কের ভিডিও ভাইরাল, দুঃখ প্রকাশ জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের


এ দিকে ঘটনার বিষয়ে বা কারণ জানতে উপ-পরিচালক ওয়াহিদুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


এ বিষয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ সময় সংবাদকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এর আগে গত রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে- নিজ কার্যালয়ের নারী কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণসহ হামলার অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে সোমবার (৯ মার্চ) মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।


সোমবার মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক জিনাত আরা স্বাক্ষরিত এক নোটিশে উপ-পরিচালক ওয়াহিদুজ্জামানকে শোকজ করা হলে, সেই শোকজের চিঠি মঙ্গলবার পঞ্চগড় জেলা কার্যালয়ে পৌঁছেছে বলে জানান অফিস সহকারীরা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন