তাকওয়ার আলোয় সুস্থ্য জীবনের দিশা দেয় রোজা

২ দিন আগে
রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং এটি আল্লাহর আদেশে নফসকে সংযত করার এক মহিমান্বিত ইবাদত। এই ইবাদতের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন, যা মানুষের চিন্তা, আচরণ ও জীবনধারাকে শুদ্ধ করে তোলে। যখন একজন মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের বৈধ চাহিদাকেও নির্দিষ্ট সময়ের জন্য পরিহার করে, তখন তার অন্তরে জন্ম নেয় আত্মসংযম, ধৈর্য ও আল্লাহভীতি।

এই তাকওয়ার আলো শুধু আত্মিক পরিশুদ্ধিতেই সীমাবদ্ধ থাকে না; বরং তা মানুষের দৈহিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। নিয়মিত রোজা দেহকে দেয় বিশ্রাম, অভ্যাসকে করে শৃঙ্খলাবদ্ধ এবং জীবনযাপনকে আনে ভারসাম্যে। এভাবেই রোজা ইবাদতের নূরের সঙ্গে সুস্থ জীবনের দিশা দেখায় যেখানে দেহ ও আত্মা উভয়ই আল্লাহর বিধানে কল্যাণ লাভ করে।

 

২০১৭ সালের রমজান মাসে বাংলাদেশের সংবাদমাধ্যমে এক খবরে যেন আলোড়ন উঠেছিল বলা হয়েছিল, মেডিকেল সায়েন্সে রোজাকে বলা হয় অটোফেজি; আর রোজার ওপর গবেষণা করে নোবেল পুরস্কার জিতেছেন জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি। খবরটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল। কেউ বললেন, মুসলিমদের রোজা ‘সিয়াম, খ্রিস্টানদের ‘ফাস্টিং, হিন্দু-বৌদ্ধদের ‘উপবাস, বিপ্লবীদের ‘অনশন। 

 

আর বিজ্ঞানীদের কাছে সেটিই নাকি ‘অটোফেজি। এই তুলনাটা মানুষকে বিস্মিত করেছিল বিজ্ঞান যেখানে গবেষণাগারে, সেখানে ইবাদতও কি এক বৈজ্ঞানিক প্রক্রিয়া?জাপানি বিজ্ঞানী ওসুমি কি সত্যিই রোজা নিয়ে কাজ করেছেন? অটোফেজি মানেই কি রোজা? নাকি রোজার ভেতরে অটোফেজির এক রহস্যময় অনুরণন আছে? রোজা ও অটোফেজি, দুটি ধারণা ভিন্ন হলেও কোথাও যেন পরস্পরের ছায়ায় মিশে যায়। 

 

আরও পড়ুন: রমজানে যে সময়গুলোতে দোয়া কবুল হয়

 

কারণ, যখন মানুষ দীর্ঘ সময় উপবাসে থাকে, শরীরের কোষগুলো যেন নিঃশব্দ এক পরিশোধনের প্রক্রিয়ায় প্রবেশ করে, যা বিজ্ঞানের ভাষায় অটোফেজি, আর আধ্যাত্মিক ভাষায় আত্মার পরিচ্ছন্নতা।

 

বিশ্বাসীগণ বলবেন, রোজার উদ্দেশ্য কেবল শারীরিক পরিশুদ্ধি নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন। সত্যিই তাই। অটোফেজি হয়তো দেহের কোষকে নতুন প্রাণ দেয়, কিন্তু রোজা আত্মাকে দেয় আলো। 

 

অটোফেজি হলো ক্ষুদ্র এক প্রক্রিয়া, আর রোজা, অসীমের সঙ্গে সংযোগের এক মহিমান্বিত সাধনা। তবু, মানুষের সীমিত বোধ দিয়ে যদি আমরা রোজার স্বাস্থ্যগত সুফল অনুধাবনের চেষ্টা করি, তবে অটোফেজির মাধ্যমে সেই রহস্যের খানিকটা ব্যাখ্যা পাওয়া যায়।পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন:হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।(সূরা আল-বাকারা: ১৮৩)

 

তাকওয়া অর্জনের এই মহান ইবাদতের অন্তর্নিহিত কল্যাণের পরিধি এত বিশাল যে, তার পূর্ণ উপলব্ধি একমাত্র আল্লাহই জানেন।আজকের অনেক মানুষ রোজাকে কষ্টের সাধনা হিসেবে দেখে, ভাবে, রোজা মানে না খাওয়া, না পান করা, শরীরকে কষ্ট দেওয়া। অথচ, বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। 

 

রোজা মানে শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং বিশ্রাম দেওয়া; আত্মাকে প্রশান্ত করা। আধুনিক চিকিৎসাবিজ্ঞান এখন বলছে, রোজা মানুষের দেহকে পুনর্গঠনের সুযোগ দেয়, কোষকে পুনর্জীবিত করে, দেহের ভেতর জমে থাকা বিষাক্ত আবর্জনাকে জ্বালিয়ে দেয়। তাই তো “রমজান শব্দের অর্থই দহন, যে দহনে মানুষ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়।রোজার সুফল কেবল দেহে নয়; এটি স্পর্শ করে মন, আবেগ, আত্মা ও চেতনার গভীরতম স্তরকে। শারীরিক, মানসিক, আবেগীয় ও আধ্যাত্মিক, এই চার স্তরেই রোজা মানুষকে নবজীবন দান করে।

 

অটোফেজি হয়তো রোজার এক ক্ষুদ্র প্রতিফলন, কিন্তু রোজা তার চেয়েও বহু গুণ গভীর, বহুমাত্রিক, মহৎ। আমরা রোজা রাখি কোনো বৈজ্ঞানিক তত্ত্বের জন্য নয়, রাখি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কারণ, তিনি বলেছেন“ওয়া আনতা সুমু খাইরুল লাকুম“তোমরা যদি রোজা রাখো, তবে তাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ।আর সেই কল্যাণের গভীরতা বোঝার সামর্থ্য কেবল তাঁরই আছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন।

 

যদি আমরা অতিরিক্ত খাবার গ্রহণ করি, বিশেষ করে লাল মাংসের মতো ভারী ও প্রোটিনসমৃদ্ধ খাদ্য, তবে তা IGF-1 এবং mTOR সক্রিয় করার মাধ্যমে অটোফেজি প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করে। কিন্তু mTOR বন্ধ হলে অটোফেজি আবার সক্রিয় হয়, এটিই সম্ভব উপবাস বা রোজার মাধ্যমে। বিজ্ঞান যতই উপবাসের স্বাস্থ্যগত গুণাবলী তুলে ধরুক, আমরা কি সত্যিই নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারি? ক্ষুধার জ্বালা, পানির তৃষ্ণা, অভ্যস্ত খাদ্যের অভাব, সবই আমাদের ধৈর্য পরীক্ষা করে। 

 

চিন্তা করুন, কতই না মৃদু দয়া আল্লাহর! তিনি আমাদের জন্য রোজা ফরজ করেছেন, যেন আমরা শরীর ও আত্মা দুইকেই পরিশোধন করতে শিখি।রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়; এটি এক অন্তর্মুখী যাত্রা, যেখানে দেহ ও আত্মা একসাথে শুদ্ধ হয়। 

 

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন “ওয়া আনতা সুউমু খাইরুল লাকুম ইনকুনতুম তা‘লামুন।অর্থাৎ, যদি তোমরা রোজা রাখো, তবে তাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ, যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। (সুরা আল-বাকারা: ১৮৪)

 

কিন্তু আমরা কি কখনো ভাবি, এই আয়াতে আল্লাহ রোজার কত রূপের কল্যাণের ইঙ্গিত দিয়েছেন? রোজার প্রতিদান কি শুধুই পরকালের জন্য? নিশ্চয়ই নয়। আল্লাহ এই দুনিয়াতেও তাঁর প্রিয় বান্দাদের কল্যাণের জন্য এটি ফরজ করেছেন। রোজা দেহকে বিশ্রাম দেয়, মনকে প্রশান্ত করে, হৃদয়কে সংযমী করে এবং আত্মাকে আলোকিত করে।

 

আধুনিক চিকিৎসাবিজ্ঞানও স্বীকার করেছে যে, রমজানের এই বাহ্যিক উপকারিতা কোনো কল্পনা নয়, এটি বাস্তব। রোজা মানুষের দেহে কোষের পুনর্জীবন ঘটায়, বিষাক্ত পদার্থ দূর করে, শক্তি পুনর্গঠন করে, যা বিজ্ঞানের ভাষায় অটোফেজি নামে পরিচিত। কিন্তু রোজা শুধু শরীরের জন্য নয়; এটি আত্মার জন্যও এক মহাজাগরণ। আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি, তার মধ্যে অতিরিক্ত প্রোটিন বা লবণ ও মিষ্টির আধিক্য এই পরিশোধন প্রক্রিয়াকে ব্যাহত করে। তাই রোজা শরীরকে শুদ্ধ করার এক অনন্য পদ্ধতি, যা বিজ্ঞানীরা অটোফেজি হিসেবে চিহ্নিত করেছেন।

 

অটোফেজি ১৯৬৬ সালে বিজ্ঞানের ভাষায় পরিচিতি পেলেও, উপবাস ও রোজার চর্চা প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসছে। বিভিন্ন ধর্মে ভিন্ন দিন নির্ধারণ করা হলেও, ইসলামে টানা একমাস রোজা রাখা অনন্য। কেন সব ধর্মে উপবাসের বিধান? কারণ সংযম, ধৈর্য, এবং আত্মনিয়ন্ত্রণে নিহিত কল্যাণ সর্বজনজাতীয়। রোজা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখে, মনকে স্থিতিশীল করে, আবেগকে প্রশান্ত করে, এবং আত্মাকে আলোকিত করে।

 

রোজা কেবল ক্ষুধা বা তৃষ্ণার নাম নয়; এটি দেহ ও আত্মার নীরব পুনর্জীবন। যেখানে বিজ্ঞানের অটোফেজি ও ঈমানের প্রার্থনা এক অনন্য মিলনে মিলিত হয়। যখন আমরা উপবাসের মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করি, তখন আমরা শুধু দেহকে পুনর্জীবিত করি না, বরং আত্মার গভীরে প্রবেশ করি। 

 

রোজা আমাদের শেখায়, সংযমের মধ্যে নিহিত কল্যাণ কত বিস্তৃত, এবং আল্লাহর সন্তুষ্টির সঙ্গে মিলিত হওয়া কতোই অনন্য এক আনন্দ।এই যাত্রা শুধু শরীর নয়, মন, আবেগ এবং আত্মার পূর্ণ পরিশোধনের এক চিরন্তন সাধনা। রোজা আমাদের শেখায়, সীমিত ইচ্ছা নিয়ন্ত্রণে রাখার মধ্যেই নিহিত রয়েছে মানুষের প্রকৃত শক্তি। আল্লাহর ফরজ করা রোজা আমাদের জন্য এক অনন্ত শিক্ষার উৎস, যা শারীরিক কল্যাণের পাশাপাশি আত্মিক উজ্জ্বলতার পথ প্রশস্ত করে।

 

আল্লাহ তাআলা মানুষের দেহে খাদ্যকে এমন অপরিহার্য এক নিয়ামত হিসেবে স্থাপন করেছেন, যার অনুপস্থিতিতে জীবন থেমে যায়। মানুষ যতদিন বেঁচে থাকে, খাদ্যের প্রয়োজন ততদিন তার সঙ্গ ছাড়ে না। 

 

কারণ, দেহে প্রাণের স্থায়িত্ব এবং আত্মার প্রশান্তি, দুটোরই ভিত সুস্থতায় নিহিত।আল্লাহ মানুষকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এক মহান উদ্দেশ্যে—তাঁর ইবাদত ও আনুগত্যের জন্য। কিন্তু অসুস্থ শরীর ও ভগ্ন দেহে সেই ইবাদতের সৌন্দর্য ফুটে ওঠে না। 

 

তাই সুস্থতা কেবল শারীরিক সুখ নয়, বরং ইলম ও আমলের পূর্ণ হক আদায়ের জন্য অপরিহার্য সহায়ক। এক অর্থে, দেহের যত্ন নেওয়াও একপ্রকার ইবাদত, যদি উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি ও ইবাদতের সক্ষমতা অর্জন।

 

মানুষের কর্মোদ্যম, চিন্তাশক্তি ও সৃজনশীলতার মূলে আছে শরীরের ভারসাম্য ও প্রশান্তি। আর এই ভারসাম্য রক্ষার প্রধান উপায় হলো সঠিক খাদ্য নির্বাচন। মানুষে মানুষে যেমন স্বভাব ও রুচির পার্থক্য, তেমনি খাদ্যের উপযোগিতাও ভিন্ন। 

 

কারো জন্য যা উপকারী, অন্যের জন্য তা ক্ষতিকর হতে পারে। তাই সচেতনভাবে খাদ্য নির্বাচন করাই প্রজ্ঞার পরিচায়ক। এ প্রজ্ঞার ব্যত্যয় ঘটলেই শরীরে দেখা দেয় নানা ব্যাধি ও অসামঞ্জস্য।ইসলামী জীবনব্যবস্থা জীবনের প্রতিটি ক্ষেত্রে ‘মধ্যপন্থাই শ্রেষ্ঠ পন্থা এই নীতিকে ধারণ করেছে। অতিরিক্ততা বা অবহেলা দুটোই ইসলামের দৃষ্টিতে পরিহারযোগ্য। খাদ্যগ্রহণের ক্ষেত্রেও তাই ইসলামের নির্দেশ স্পষ্ট না অতিভোজন, না অনাহার; বরং সংযম ও ভারসাম্য। এই মধ্যপন্থাই শরীরের সুস্থতা, আত্মার শান্তি ও ইবাদতের পরিপূর্ণতা এনে দেয়।

 

খাদ্য কেবল দেহের পুষ্টি নয়, এটি আত্মিক ভারসাম্যেরও একটি অংশ। আল্লাহ তাআলা যেভাবে প্রতিটি নিয়ামত মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, খাদ্যও তার ব্যতিক্রম নয়। তাই যখন মানুষ খাদ্যের ব্যাপারে সচেতন হয়, তখন সে শুধু শরীর নয়, বরং আত্মার প্রতিও দায়িত্বশীল হয়ে ওঠে।


ইসলাম খাদ্য ও স্বাস্থ্যকে একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে দেখেছে। হালাল ও বৈধ উপায়ে খাদ্য গ্রহণ, সুস্থতা রক্ষা এবং পরিমিতভাবে খাদ্য গ্রহন করার মাধ্যমে মানুষ ইবাদতে মনোযোগী হতে পারে। সাধারণ ও স্বাভাবিক খাবারে সন্তুষ্ট থাকা, অতি ভোজন ও অহংকার পরিহার করা, শরীরের প্রতি যত্নবান থাকা,এগুলো ইসলামের সুস্পষ্ট নির্দেশনা।শরীর সুস্থ থাকলে আল্লাহর নেয়ামত উপভোগ করা সহজ হয়, ইবাদতে মনোযোগী থাকা সম্ভব হয় এবং দুনিয়ার সঙ্গে সঙ্গে পরকালের সাফল্যও অর্জন করা যায়। অতএব, খাদ্য ও স্বাস্থ্য রক্ষায় ইসলামের শিক্ষা অনুকরণ করা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য।

 

সুস্থ খাদ্যাভ্যাস ও রোজা কেবল শরীরের পুষ্টি ও ভারসাম্য রক্ষা করে না, বরং কলবের সংযম, মনোবল ও আত্মশৃঙ্খলা গড়ে তোলে।রোজা শরীর ও আত্মার পরিচ্ছন্নতা, ধৈর্য ও ধ্যানশক্তি বৃদ্ধি করে। খাদ্য ও রোজার মধ্য দিয়ে মানুষের জীবনসংগ্রাম দুনিয়ার ক্ষুদ্রতায় সীমাবদ্ধ না রেখে, পরকালের সাফল্যের জন্য প্রস্তুত হয়। সত্যিই, সুস্থ আহার ও রোজা মিলিয়ে নৈতিক ও আধ্যাত্মিক জীবনের পূর্ণতা প্রতিষ্ঠা হয়।

 


এমবিবিএস(ফাইনাল ইয়ার),নেত্রকোনা মেডিকেল কলেজ।

]]>
সম্পূর্ণ পড়ুন