ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

২ দিন আগে
ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে এবং ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (৯ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা বৃদ্ধিমূলক এক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এই তথ্য জানান।
 

মন্ত্রী বলেন, ‘ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে দুর্যোগের ধরন বদলে যাচ্ছে, তাই আমাদের ভয় পেয়ে হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় দুর্যোগ প্রশমনের আধুনিক কৌশলগুলো আয়ত্ত করে আমাদের এগিয়ে যেতে হবে। নিয়মিত এ ধরনের মহড়া মানুষের মনের ভীতি দূর করে সাহস সঞ্চার করে।’


১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ উপলক্ষে আয়োজিত এই মহড়ার এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’। তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় দক্ষ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
 

আরও পড়ুন: সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: ত্রাণমন্ত্রী


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান।


এ সময় আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবীর মো. আশরাফ আলম।


অনুষ্ঠানে বক্তারা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। মহড়ায় ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের সদস্যরা জরুরি উদ্ধার অভিযানের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন